জমি নিয়ে বিরোধে গ্রামে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুরে হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামের পুরুষেরা একটি মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন। পুলিশ সমির আলী (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।আলমপুরের বাসিন্দা রেজাউল আলম জানান, পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের সারেজ আলী, মাজু ও তাজুর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের সশস্ত্র একটি দল ওই হামলা চালায়। এ সময় তারা ১৮টি বাড়ি ভাঙচুর করে এবং চারটিতে আগুন লাগিয়ে দেয়। এসব বাড়ি থেকে প্রায় ৫০ হাজার টাকা ও মালামাল লুট করা হয়। হামলাকারীরা মো. হান্টুর স্ত্রী আলেয়া বেগম, মহবুলের স্ত্রী নাজিরা খাতুন ও নাজিমুদ্দিনের পাঁচ বছরের ছেলে সাগরকে মারধর করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। প্রতিপক্ষের একটি মামলায় আদালতে হাজিরা দিতে এ সময় গ্রামের বেশির ভাগ পুরুষ জেলা সদরে ছিলেন।ওই গ্রামের রেজাউল ইসলাম জানান, ‘গ্রামের কালীনগর মৌজার সাড়ে আট বিঘা খাসজমিতে ৭০টি ভূমিহীন পরিবার এক বছর ধরে বসবাস করছে। এই জমি আগে দৌলতপুর গ্রামের সারেজ আলী, মাজু ও তাজু অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন। আমরা এই জমি বন্দোবস্ত নিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। আমাদের জমি থেকে উচ্ছেদ করতেই সারেজ আলীর ভাড়াটিয়া দুর্বত্তরা হামলা চালায়।’গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর পক্ষে মনিরুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই মামলার এজাহারভুক্ত আসামি সমির আলীকে গ্রেপ্তার করেছে।