জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম হারুনুর রশিদ (৫০)। গতকাল রোববার সকালে বামনী ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে হারুনুর রশিদের সঙ্গে তাঁর বড় ভাই ছানা মিয়ার (৬০) মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ঘটনার সময় দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ছানা মিয়া ও তাঁর লোকজন হারুনুর রশিদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মারা যান।
হামলায় নিহত হারুনের স্ত্রী সেতারা বেগমসহ চারজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ছানা মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে গেছেন।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।