জমি নিয়ে বিরোধে ঝিনাইদহ ও পাবনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার ঝিনাইদহ সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মইনুল হক (৩৫) ও নজরুল ইসলাম (৫০) নামের দুজন এবং পাবনার সুজানগরে খন্দকার আবদুল জব্বার (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ রামনগর গ্রামের খোকন মিয়া জানান, ওই গ্রামের নজরুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই জিন্নাত আলীর মধ্যে ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উভয় পক্ষ এ জমি নিয়ে পাল্টাপাল্টি মামলা করে। জমিটি ছিল নজরুল ইসলামের দখলে। বুধবার সকাল নয়টার দিকে জিন্নাত আলীর লোকজন জমি দখল করতে যান। এ সময় নজরুল ইসলাম বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জিন্নাত আলীর পক্ষের মইনুল হক নিহত হন। এই পক্ষের আহত হন কাজল (৩৫), আজাদ হোসেন (৪০) ও ইকরাম আলী (২৮)। অপর পক্ষে আহত হন নজরুল ইসলাম ও তাঁর ভাগনে হান্নু বিশ্বাস (৩২)। তাঁদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর হাসপাতালে নেওয়া হয়। যশোরে নেওয়ার পর নজরুল ইসলাম মারা যান।এদিকে পাবনার সুজানগর উপজেলার আহমঞ্চদপুর ইউনিয়নের দুর্গাপুর ঘোষপাড়া গ্রামের একটি জমি নিয়ে নান্নু কাজী ও হারুন কাজীর সঙ্গে প্রতিবেশী আকবর আলীর বিরোধ চলছিল। বুধবার বিকেলে হারুন কাজী ওই জমিতে গাছ লাগাতে গেলে আকবর আলী বাধা দেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। অপর প্রতিবেশী খন্দকার আবদুল জব্বার সংঘর্ষ থামাতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হন। তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত আটটার দিকে তিনি মারা যান। সংঘর্ষে আরও চারজন আহত হয়েছেন।সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত খন্দকার আবদুল জব্বারের ছেলে ফজলুর রহমান একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে আসামি আকবর আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।