জমি নিয়ে বিরোধে টঙ্গিবাড়ীতে আ.লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মধ্য আলদী এলাকায় গতকাল সোমবার সকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগের নেতা কামাল মল্লিক (৪০) নিহত হয়েছেন।কামাল টঙ্গিবাড়ীর কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, জমি নিয়ে কামাল মল্লিকের সঙ্গে প্রতিবেশী হাসান শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল আটটার দিকে কামাল মধ্য আলদীতে তাঁর খেতে সরিষা কাটতে যান। এ সময় হাসান শেখ লোকজন নিয়ে তাঁকে সরিষা কাটতে বাধা দেন। একপর্যায়ে হাসান শেখ ও তাঁর লোকজন হামলা করে কামাল শেখকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। কামালকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। হামলার সময় আহত সুজন মল্লিক ও মুক্তার মল্লিককে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ খালেক জানান, ঘটনার পর থেকে হাসান শেখ পলাতক।