জমি নিয়ে বিরোধে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক তরুণ নিহত ও তিন ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বুধবার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের উদয়পুর তালবস্তী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে সিরাজগঞ্জের সলঙ্গায় আবদুল মোতালেব নামের এক কৃষককে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। নওগাঁর রাণীনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় পারেশ আলী মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বালিয়াডাঙ্গীতে নিহত তরুণ শাহ আলম ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আফাজ উদ্দিনের সঙ্গে একই গ্রামের খতিবুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে খতিবুলের লোকজন দেশি অস্ত্র নিয়ে আফাজ উদ্দিনের বাড়িতে হামলা চালান। এ সময় বাধা দিতে গেলে আফাজ উদ্দিন, শাহ আলম, ইকবাল হোসেন ও মো. দুলালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন বালিয়াডাঙ্গী থানায় খবর দিলে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক শাহ আলমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রংপুরে নেওয়ার পথে শাহ আলম মারা যান। আহত তিনজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় গতকাল দুপুরে শাহ আলমের বাবা আফাজ উদ্দিন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ ব্যক্তিকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৭ ব্যক্তিকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামে কৃষক আবদুল মোতালেবকে (৬৫) শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোতালেবের ছেলে ইয়াছিন আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মো. রবিউল ইসলাম ও আবদুল মোমিনকে গ্রেপ্তার করেছে।

থানায় করা মামলার বিবরণী, থানার পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের দেলোয়ার হোসেনের কাছ থেকে চার/পাঁচ বছর আগে আবদুল মোতালেব জমি কেনেন। বিক্রি করা জমি ফেরত চাওয়া নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

ইয়াসিন আলী বলেন, ‘গত মঙ্গলবার রাতে বাবা বাড়ির পাশে একটি অনুষ্ঠানে গান শুনতে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। গতকাল ভোরে দেলোয়ারের বাড়ির পেছনের খড়ের গাদার নিচে তাঁর লাশ পাওয়া যায়। পূর্বশত্রুতার জের ধরে কৌশলে আমার বাবাকে হত্যা করা হয়েছে।’ সলঙ্গা থানার ওসি আবদুর রফিক বলেন, গ্রেপ্তার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নওগাঁর রাণীনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় পারেশ আলী মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ছোট ভাইয়ের হামলায় তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার একডালা ইউনিয়নের পাচুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারেশ আলী (৬৫) উপজেলার একডালা ইউনিয়নের পাচুপুর মধ্যপাড়া গ্রামের মৃত কাজেম আলী মোল্লার ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই মো. আজাদ আলী মোল্লাসহ পরিবারের সবাই পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে পারেশ আলীর সঙ্গে ছোট ভাই আজাদ মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকাল ছয়টার দিকে কশবা মাঠে পারেশ আলী জমি থেকে ধানের চারা তুলছিলেন। এ সময় আজাদ মোল্লা চার-পাঁচ ব্যক্তিকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে লাঠিসোঁটা দিয়ে পারেশ আলীকে মারধর করেন। সেখান থেকে তাঁকে ধরে গ্রামের কাঁচপুর বাজারের ছোট সেতুর ওপর এনে আবার মারধর করার সময় সেতুর রেলিংয়ের সঙ্গে মাথায় আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়েন পারেশ আলী। গুরুতর অবস্থায় উদ্ধার করে পাশে কালীগঞ্জ বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি}