জমি নিয়ে বিরোধে দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মধ্যবয়সী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া দম্পতির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত সোমবার ভোরে র‌্যাবের সদস্যরা তাঁদের সেন্ট্রাল রোডের বাড়িতে ঢুকে রোকেয়া বেগম (৫১) ও তাঁর স্বামী আবদুল ওয়াহেদ বোরহানকে (৫৬) হাত-পা ও চোখ বেঁধে ধরে নিয়ে যান। পরে তাঁদের উত্তরখান থানায় হস্তান্তর করা হয়েছে। তবে র‌্যাবের দাবি, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও ভূমিদস্যুতার অভিযোগ আছে। এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোকেয়া বেগমের ভাই মাকসুদুর রহমান এ নিয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত মেজর পর্যায়ের এক সেনা কর্মকর্তার পরিবারের সঙ্গে জমি নিয়ে রোকেয়া বেগমের বিরোধ চলছে। এ বিরোধ মেটাতে এর আগে র‌্যাব-১ ও উত্তরখান থানার পুলিশ কয়েকবার রোকেয়াকে তাদের কার্যালয়ে ডেকে সমঝোতার জন্য চাপ দেয়। তারা নানাভাবে হুমকি-ধমকিও দেয়। রোকেয়া বেগম বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী, মহানগর পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ে লিখিতভাবে জানান। এমনকি তিনি ওই সেনা কর্মকর্তা ও তাঁর পরিবারের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদনও করেন। এ কারণে ওই সেনা কর্মকর্তা প্রভাব খাটিয়ে র‌্যাবকে দিয়ে রোকেয়া ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। তাদের বিরুদ্ধে র‌্যাব ও পুলিশের কাছে ভূমিদস্যুতা ও প্রতারণার অনেক অভিযোগ আছে। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনেরা যে সংবাদ সম্মেলন করেছেন তা ষড়যন্ত্রমূলক।এ ঘটনায় র‌্যাব-১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব ও উত্তরখান থানার পুলিশের একটি যৌথ দল গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করে। র‌্যাবের দাবি, তাঁরা চিহ্নিত ভূমিদস্যু ও একাধিক মামলার আসামি। জানতে চাইলে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম দুপুরে প্রথম আলোকে বলেন, ‘র‌্যাব তাঁদের গ্রেপ্তার করে প্রথমে সদর দপ্তরে নিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশের কাছে হস্তান্তর করে।’ তবে ওসি দাবি করেন, বোরহান ও তাঁর স্ত্রী রোকেয়ার বিরুদ্ধে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ আছে। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কাজী বেলায়েত হোসেন নামের এক ব্যক্তি থানায় একটি মামলা করেছেন। এখন আরও অনেকে মামলা করার জন্য আসছেন।এর আগে রোকেয়া ও বোরহানকে থানায় ডেকে ওই সেনা কর্মকর্তার সঙ্গে সমঝোতার কথা বলা হয়েছিল কি না—এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘হ্যাঁ, বোঝেনই তো এসব টাকা মামলা-মোকদ্দমা করে ওঠে না। তাই আমরা তাঁদের থানায় ডেকে মীমাংসার চেষ্টা করেছিলাম। কিন্তু তাঁরা কোনো কথা শোনেননি।’