জমি নিয়ে বিরোধে নিহত ১, ভাঙচুর অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সজীব আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক পক্ষের অর্ধশত বাড়িঘর ভাঙচুর ও দুটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পৌর শহরের মাছিমপুর মহল্লায় গতকাল বুধবার দুপুরে বাচ্চু মিয়া ও সাদ্দাম মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
সজীব আহমেদের বাড়ি পৌর শহরের পলতাকান্দা মহল্লায়। তিনি জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের আপন ভাগনে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, জমিজমা নিয়ে বাচ্চু মিয়া ও সাদ্দাম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষ আইনের আশ্রয় নিলেও তা নিষ্পত্তি হয়নি। কয়েক দিন আগে বাচ্চুর লোকজন সাদ্দামের এক আত্মীয়কে মারধর করে। এ নিয়ে গতকাল বেলা ১১টার দিকে মাছিমপুর মহল্লায় সালিস বৈঠক হয়। সালিসে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বাচ্চুর লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে সাদ্দামের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা সজীবের পিঠে ও মাথায় ছুরিকাঘাত করে।