জমি নিয়ে বিরোধে পাঁচজনকে কুপিয়ে জখম, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় মাতবরসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাতে ফতুল্লার উত্তর কাশীপুরের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই থানায় মামলা হয়েছে। এজাহারের বিবরণ অনুযায়ী, কাশীপুর ভোলাইল এলাকায় অবস্থিত মহিউদ্দিন ডায়িংয়ের মালিক শফির সঙ্গে ৪২ শতক জমি নিয়ে একই এলাকার আতাউরের বিরোধ চলছে। আতাউরের দাবি, ওই ডায়িং কারখানা যেখানে গড়ে তোলা হয়েছে, সেখানে তাঁর ১৬ শতক জমি আছে। বিষয়টি সমাধানে স্থানীয় মাতবর সাইদুর রহমান সম্প্রতি ডায়িং মালিক শফি ও আতাউরের সঙ্গে সালিস বৈঠক করেন। ওই সালিসের সিদ্ধান্তে আতাউরের লোকজন ক্ষিপ্ত হন। তাঁরা সালিসের পর মৌখিকভাবে এ নিয়ে ক্ষোভ প্রকাশও করেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অ্যাকটিভ প্রিক্যাডেট স্কুলে বসে স্থানীয় মাতবর সাইদুর রহমান আরও কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় আতাউরের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সেখানে ঢুকে মাতবর সাইদুর, শাকিল ও আনোয়ারসহ পাঁচজনকে কুপিয়ে জখম করে। তাঁদের ২০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, এ ঘটনায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। আহত সাইদুর বাদী হয়ে মামলাটি করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।