জমি নিয়ে বিরোধে যুবদল নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শতক জমি নিয়ে বিরোধের জের ধরে লালমনিরহাট সদর উপজেলার হাঁড়িভাঙ্গা গ্রামে যুবদলের এক নেতাকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম আজিজুল ইসলাম (৪০)। তিনি মহেন্দ্রনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় গত সোমবার লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দুই শতক জমি নিয়ে হাঁড়িভাঙ্গা গ্রামের জাবেদ আলীর সঙ্গে আজিজুলের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গত শনিবার বেলা ১১টায় জাবেদ এবং তাঁর দুই ছেলে মতিয়ার রহমান ও মনিরুল ইসলাম হাঁড়িভাঙ্গা বাজারের নিজ দোকানে আজিজুল ইসলামের ওপর হামলা চালান। তাঁরা তাঁকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে লাঠি দিয়ে পেটান। একপর্যায়ে আজিজুলের ছেলে আলমগীর হোসেন (১৩) তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসে। এই সময় তাঁরা তাকেও মারধর করেন। তাঁরা চলে যাওয়ার পর এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আজিজুলকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় একই দিন দুপুরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার বেলা ১১টায় তিনি মারা যান।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন সরকার জানান, এ ঘটনায় আজিজুলের ছোট ভাই রতন মিয়া সোমবার রাতে থানায় জাবেদ আলী, তাঁর দুই ছেলেসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পলাতক থাকায় আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না।জাবেদ আলীর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। তাঁর বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা নারীরা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।