ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধের জের ধরে এক সহকারী শিক্ষক ও তাঁর পরিবারকে প্রধান শিক্ষক ও পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই সহকারী শিক্ষকের পরিবার এ অভিযোগ করে।
ওই সহকারী শিক্ষক হলেন আমিনা খাতুন। তিনি কড়িয়াবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তাঁর স্বামী জসিম উদ্দিন গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমিনা খাতুনের শ্বশুর আবুল হোসেন ১৯৯৩ সালে বিদ্যালয়টিতে ২১ শতক জমি দান করেন। পরে আমিনা খাতুন সেখানে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। গত জুলাইয়ে প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন দাবি করেন, আবুল হোসেন বিদ্যালয়ের নামে ৫০ শতক জমি দিয়েছেন। কিন্তু বিদ্যালয়ের দখলে আছে ২১ শতক। তিনি বাকি ২৯ শতক জমি বিদ্যালয়কে দেওয়ার জন্য আমিনা খাতুনের ওপর চাপ সৃষ্টি করেন।
লিখিত বক্তব্যে জসিম উদ্দিন বলেন, ‘আমার বাবা যে দাগের জমি স্কুলের নামে দান করেছেন সেখানে মোট জমির পরিমাণ ৪৬ শতক। স্কুলে দান করার আগেই ৪৬ শতক জমি থেকে তিনি ২৫ শতক বিক্রি করে দেন। প্রধান শিক্ষক ২১ শতক জমির বদলে স্কুলের নামে ৫০ শতক জমি দেখিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করেছেন। তিনি বাকি জমি স্কুলের নামে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছেন। জমি না দেওয়ায় পুলিশ দিয়ে হয়রানি করছেন।’
আমিনা খাতুন মুঠোফোনে বলেন, ‘স্কুলের নামে জমি দেওয়ার জন্য প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন আমাকে চাপ দিচ্ছেন। আমার পরিবারের সঙ্গে বিরোধের কারণে তিনি আমাকে কয়েক দিন স্কুলের হাজিরা খাতায় সই করতে দেননি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, জমি নিয়ে আমিনা খাতুনের সঙ্গে কয়েক মাস আগে প্রধান শিক্ষকের বিরোধ চলছিল। পরে হাজিরা খাতায় সই করার বিষয়টির সমাধান করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বলেন, স্কুলের জমিসংক্রান্ত বিষয়ে আদালতে উভয় পক্ষের মামলা রয়েছে। আদালতের নির্দেশে পুলিশ মামলার তদন্ত করছে। কাউকে হয়রানি করা হচ্ছে না।