জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ছোট ভাইকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর খোর্দ্দ মাকড়াইল গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মধুখালী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম শাহজাহান মোল্লা (৪৫)। তিনি খার্দ্দ মাকড়াইল গ্রামের বাসিন্দা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শাহজাহান নিখোঁজ ছিলেন। গতকাল শুক্রবার সকালে শাহজাহানের মামা জলিল মীরের বাড়ির পাশের পুকুর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শাহজাহানের স্ত্রী মনোয়ারা খাতুন অভিযোগ করেছেন, জমি নিয়ে বিরোধের কারণে ভাশুর কোব্বাত আলী তাঁর স্বামীকে হত্যা করেছেন। কোব্বাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।মধুখালী থানার ওসি সৈয়দ মোহসীনুল হক বলেন, এ ব্যাপারে মনোয়ারা খাতুন বাদী হয়ে কোব্বাদ আলীসহ ছয়জনকে আসামি করে শুক্রবার মধুখালী থানায় হত্যা মামলা করেছেন।