জমি নিয়ে বিরোধের জেরে ছাত্রকে পেটালেন শিক্ষক
বাবার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছেলেকে বেত দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মিরাজকে পেটানোর ঘটনায় বিচার চেয়ে গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ছাত্রের মা ফরিদা বেগম। মিরাজের মা ফরিদা বেগম অভিযোগে বলেন, ৪ সেপ্টেম্বর মিরাজ স্কুলে গেলে প্রধান শিক্ষক আওলাদ হোসেন তাকে বেত দিয়ে পেটান। স্কুলের অনেকেই ঘটনাটি দেখেছে। স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় লোকজন সালিসের মাধ্যমে বিচার করে দেওয়ার আশ্বাস দিলেও পরে আর কেউ এ ব্যাপারে কথা বলছে না। তিনি আরও বলেন, তাঁর স্বামী অসুস্থ এবং চোখে কম দেখেন। অথচ তাঁর বিরুদ্ধে হামলার অভিযোগ এনে গত ২৮ আগস্ট ওই প্রধান শিক্ষক দশমিনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক আওলাদ হোসেন তাঁর স্কুলের ছাত্র মিরাজকে পেটানোর অভিযোগ অস্বীকার করেন। তবে জমিজমা নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, তাঁর ওপর হামলার ঘটনায় তিনি মিরাজের বাবার বিরুদ্ধে দশমিনা থানায় অভিযোগ করেছেন।