জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, আহত ৫
কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাছরপাড়া এলাকার বাসিন্দা প্রতিবন্ধী জকির আহমদের বসতবাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষ হোছন বলীর লোকজন। দুই মাস ধরে বাড়ির সীমানা নিয়ে জকিরের সঙ্গে হোছন বলীর বিরোধ নিষ্পত্তিতে গ্রাম্য সালিস চলছিল। হোছন বলী ওই সালিস অমান্য করায় জকির পুলিশে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে কাগজপত্র নিয়ে ফাঁড়িতে যেতে বলেন। পুলিশ চলে গেলে হোছন বলী, আবদুল খালেক, নুর নাহার ও আহমদ হোছনের নেতৃত্বে কয়েকজন রড, দা-কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে জকিরের বসতবাড়িতে ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে প্রতিবন্ধী জকির আহমদ (৬৪), রহমত করিম (৬০), মফিজ কামাল (২২), নুরুল আলম (২৬) ও শামসুল আলমকে (৩৪) এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।