জমি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় জড়ানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার নামাবাজার কাঠপট্টি এলাকার বাসিন্দা আমিনুর হোসেন হত্যা মামলায় ১১ জনকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসামিদের স্বজন ও এলাকাবাসী জানান, জমি নিয়ে বিরোধের জেরে ওই ব্যক্তিদের মামলায় জড়ানো হয়।পুলিশ সূত্র জানায়, আমিনুরের লাশ তাঁর বাড়ির পাশ থেকে গত ১৪ মে ভোরে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা আগের রাতে তাঁকে ডেকে নিয়ে হত্যা করে। আমিনুর অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মাদক ব্যবসায় জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমিনুরের বাবা আওলাদ হোসেন বাদী হয়ে সাভার থানায় গত ১৫ মে একটি হত্যা মামলা করেন।আসামিরা হলেন কাঠপট্টি এলাকার বাবু, সবুজ, বশির, শাহজালাল, শাহজাহান, শহীদ মহাজন, পালপাড়া এলাকার ব্যবসায়ী নিশিত রঞ্জন পাল, অসিত রঞ্জন পাল, অনুপ রঞ্জন পাল, মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী খোকন রায় ও দিলীপ রায়। আসামিদের মধ্যে বাবু গ্রেপ্তার হয়েছেন এবং অন্যরা পলাতক। বাবু, সবুজ ও বশির আমিনুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। আসামিদের সঙ্গে বাদীর জমিসংক্রান্ত বিরোধের কারণেই আমিনুরকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। তবে আসামিরা আমিনুরকে হত্যা করেছে বলে কোনো তথ্য-প্রমাণ দেখানো হয়নি।মামলার আসামি নিশিত, অসিত ও অনুপের মা ৮০ বছরের বৃদ্ধ শোভা রানী পাল বলেন, ‘আমার ছেলেরা নির্দোষ। জমি গ্রাস করতে না পারার ক্ষোভে ওদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমার ছেলেরা সাভার বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। ওই দোকানই পরিবারের আয়ের একমাত্র উৎস। মামলার কারণে ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের খেয়ে-পরে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে।’ নিহত আমিনুরের ভাই শামীম আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই তাঁর ভাইকে খুন করা হয়েছে।এলাকাবাসী জানান, নিশিত, অশিত, অনুপ এবং খোকন, দিলীপসহ মামলার আসামিরা সজ্জন হিসেবেই পরিচিত। বরং আমিনুরই এলাকায় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ছিলেন। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এ কারণে অপরাধী চক্রের মধ্যে তাঁর অনেক শত্রু ছিল। বাবুল মিয়া নামের এক ব্যক্তির একটি গাড়ি ভাঙচুরের ঘটনার জেরে তিনি ধামরাইয়ের ফোর্ডনগরের আলী নামের এক যুবককে গত ১৩ মে মারধর করেন। পরদিন আমিনুরকে হত্যা করা হয়। ৮৩ শতাংশ জমি নিয়ে নিশিত, অশিত ও অনুপ পালের সঙ্গে মামলার বাদী আওলাদ হোসেনের বিরোধ ছিল। ভুয়া দলিল তৈরি করে আওলাদ ওই জমির মালিকানা দাবি করলে নিশিত পাল ২০০৯ সালে আদালতে মামলা করেন। ২০০১ সালে আদালত নিশিতের পক্ষে রায় দেন। বায়না সূত্রে ওই জমির বর্তমান মালিক খোকন রায় ও দিলীপ রায়। সম্ভবত এ কারণেই তাঁদের দুজনকেও আমিনুর হত্যা মামলায় জড়ানো হয়েছে। তবে শাহজাহান, শাহজালাল ও শহীদ মহাজনকে ওই মামলার আসামি করার কারণ স্পষ্ট নয়।গাড়ি ভাঙচুরে জড়িত ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে বাবুল মিয়া বলেন, ‘পুলিশ যাদের বিরুদ্ধে মামলা নিতে ভয় পায়, তারা কারা তা স্পষ্ট করে বলার দরকার আছে বলে আমি মনে করি না।’ মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবাইদুল হক বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হয়েছে, আসামিদের সবাই হত্যাকাণ্ডে জড়িত নয়।’