জমি নিয়ে বিরোধের জেরে হামলা, বাবা নিহত, দুই ছেলে আহত
জমি নিয়ে বিরোধের জের ধরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাছুয়াপাড়া গ্রামে গত শুক্রবার প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত ও তাঁর দুই ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।নিহত কৃষকের নাম আতাহার আলী (৫৭)। তাঁর বাড়ি উপজেলার উত্তর বাহাগিলী গ্রামে। এ ঘটনায় আহত তাঁর দুই ছেলের নাম মোজাফ্ফর আলী (৩৮) ও আশরাফুল (৩৫)। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম শরিফুল (৩০)। তিনি একই গ্রামের মৃত বাচ্চা মামুদের ছেলে।প্রত্যক্ষদর্শী ও কিশোরগঞ্জ থানার সূত্রে জানা গেছে, উত্তর বাহাগিলী গ্রামের আতাহার আলীর সঙ্গে একই গ্রামের জহুরুল হক ও মৃত বাচ্চা মামুদের ছেলে ইদ্রিস আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে আতাহার আলী তাঁর দুই ছেলেসহ তারাগঞ্জ হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে মাছুয়াপাড়া এলাকায় ১০-১২ জন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এলাকার লোকজন তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত আটটার দিকে আতাহার আলী মারা যান।