জমি নিয়ে সংঘর্ষ, ছররা গুলিতে ১৪ জন আহত
সিলেটের গোলাপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের সময় বন্দুকের ছররা গুলিতে লন্ডনপ্রবাসীসহ ১৪ জন আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাঘিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, বাঘিরঘাট গ্রামের আলতাফ হোসেন ওরফে আশু মিয়ার সঙ্গে লন্ডনপ্রবাসী নইমউদ্দিনের জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ দেয়াল নির্মাণ করতে গেলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দুই পক্ষই বন্দুকের ছররা গুলি ছোড়ে। এতে নইমউদ্দিন (৫৫), সুবল মিয়া (৬০) নামের দুই লন্ডনপ্রবাসীসহ ১৪ জন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক প্রথম আলোকে জানান, ঘটনাস্থল কুশিয়ারা নদীর ওপারে দুর্গম এলাকা। সংঘর্ষে দোনলা বন্দুক ব্যবহার করে গোলাগুলি করা হয়েছে এবং এতে কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি শান্ত রয়েছে।