জমি নিয়ে সংঘর্ষ রৌমারীতে একজন নিহত, আহত ১২
জমি নিয়ে বিরোধের জের ধরে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। উপজেলার বামনের চর গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম মহির উদ্দিন (৪০)। তিনি বামনচর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে তারা মিয়া (৪০), মনদের আলী (৩৫), রমজান আলী (২৫), আবুল হোসেন (৪৫), সিদ্দিক (৪০) ও ফুল মিয়াকে (৩৫) রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বেলা ১১টায় ঘটনাস্থল থেকে মহির উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বামনের চর গ্রামে বিরোধপূর্ণ ২৪ শতক জমিতে শনিবার ভোররাতে ছমির আলীর লোকজন জোরপূর্বক ঘর তুলতে গেলে জমির আলীর লোকজন বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে জমির আলীর পক্ষের মহির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। রৌমারী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, নিহত মহির উদ্দিনের ভাই জহুর আলী বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।