জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
জমি নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুলিয়ারচর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গত বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।সংঘর্ষে নিহত ব্যক্তির নাম আবু হানিফ (৫০)। তাঁর বাড়ি উপজেলার কুলিয়ারচর গ্রামে। আটক হওয়া তিনজনের নাম লাল চাঁদ মিয়া, নিল চাঁদ মিয়া ও আবদুল মতিন। প্রত্যক্ষদর্শী ও শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে, কুলিয়ারচর গ্রামের আবু হানিফ ও তারা মেম্বারের মধ্যে এলাকার কিছু জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গত বুধবার বিকেলে আবু হানিফ তাঁর লোকজন নিয়ে জমিটি দখল করতে গেলে তারা মেম্বারের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আবু হানিফ, আসকর আলী (৪৫) ও জুয়েল রানাসহ (২৮) ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে রাত ১০টায় হানিফ মারা যান। শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি) তদন্ত রশিদুল হক জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে নিহতের ছেলে রেজাউল প্রামাণিক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।