জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা তালবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গত রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক কলেজছাত্র নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন। নিহত কলেজছাত্রের নাম আবদুল হামিদ (১৮)। তিনি নওদা তালবাড়িয়া গ্রামের বাদল সরদারের ছেলে ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আহতেরা হলেন বাদল সরদার, জবেদা খাতুন, আবদুল হামিদ, খলিল সরদার, হাবিল সরদার, সেলিম হোসেন, মকফর আলী ও আবদুস সাত্তার। এলাকাবাসী ও মিরপুর থানা সূত্রে জানা গেছে, বাদল সরদারের সঙ্গে তাঁর ভাই হাবিল সরদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকেলে হাবিল সরদারের পরিবারের সদস্যরা বাদল সরদারের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। থানা সূত্রে আরও জানা গেছে, সংঘর্ষে আবদুল হামিদসহ নয়জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে হামিদ মারা যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, জমিজমার বিরোধে আবদুল হামিদ মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নিহত হামিদের বাবা বাদল সরদার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।