জমি নিয়ে সংঘর্ষে নিহতের পরিবারও পেল টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত হন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রামের আবদুল হালিম মিয়া (৫০)। কিন্তু নির্বাচনের সময় জামায়াতের হামলায় নিহত উল্লেখ করে তাঁর পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
এই ঘটনায় অনিয়ম হয়েছে দাবি করে ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ করেছেন আবু সাবের সরকার নামের গ্রামের একজন সমাজকর্মী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জানুয়ারি গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে দশম সংসদ নির্বাচনের আগে ও পরে বিএনপি, জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং তাঁদের মধ্যে আর্থিক সহায়তার চেক দেন।
প্রধানমন্ত্রীকে দেওয়া অভিযোগ ও ৭ ফেব্রুয়ারি সরেজমিনে জানা যায়, আবদুল হালিম কয়েক মাস আগে সুন্দরগঞ্জের জামালহাট উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হন। একই গ্রামের মনজু মিয়া হেরে যান। কয়েক শতক জমির মালিকানা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মনজু মিয়ার দ্বন্দ্ব ছিল। নির্বাচনে হারার পর মনজু গত বছরের ৯ নভেম্বর বিদ্যালয়ের জমি দখল করতে যান। আবদুল হালিম বাধা দিলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হালিমসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। ১৬ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হালিমের মৃত্যু হয়। এ ঘটনায় হালিমের ভাই আবদুল হামিদ মনজু মিয়াসহ ১৮ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।
অভিযোগকারী আবু সাবের সরকার বলেন, হালিম আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী নন। এমনকি মামলার প্রধান আসামি মনজু মিয়াও বিএনপি-জামায়াতের কর্মী নন। অথচ একটি অসাধু চক্র জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিকে জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত দেখিয়ে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লাখ টাকা আত্মসাতের অপচেষ্টা চালাচ্ছে। হালিমের প্রথম স্ত্রী মাহফুজা বেগম বলেন, তিনি অনুদানের চেক পেয়ে ব্যাংকে জমা দিয়েছেন।
যোগাযোগ করা হলে গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম দাবি করেন, ‘হালিম ছিলেন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। আমার সঙ্গে ঘনিষ্ট ছিল বলে জামায়াতের নেতা-কর্মীরা বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধের ইস্যুকে সামনে রেখে তাঁকে হত্যা করে। যেহেতু রাজনৈতিক ইস্যুতে তিনি মারা যান, তাই তাঁকে অনুদান দেওয়ার সুপারিশ করেছিলাম।’ প্রধান আসামি মনজু পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সোলায়মান বলেন, ‘যাঁদের হামলায় আবদুল হালিম মারা যান, তাঁরা জামায়াত-শিবিরের কেউ নন। কেউ হামলার