জমি নিয়ে সংঘর্ষে মঠবাড়িয়া ও বোয়ালমারীতে আহত ১৮
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খায়েরঘটিচোরা গ্রামে গতকাল সোমবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গত রোববার রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খায়েরঘটিচোরা গ্রামের কৃষক হাবিবুর রহমানের সঙ্গে প্রতিবেশী জামাল হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে দুই পক্ষের লোকজন ওই জমিতে ঘর তুলতে যান। এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হাবিবুর রহমান (৪০), তাঁর সমর্থক মজনু মিয়া (৪৫), রাশেদা বেগম (৩৮) ও মো. মিজান (২৫) এবং জামাল হোসেন (৪২), আবদুল খালেক (৬০), আবদুল মালেক (৫৭), গনি মিয়া (৫০), আবদুল কাদের (৪৫), মো. খোকন (৪০) আহত হন। দুপুরে গুরুতর আহত হাবিবুর রহমানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মনজু মিয়া বলেন, হাবিব তাঁর পুরোনো ঘর ভেঙে নতুন ঘর তুলতে গেলে জামাল লোকজন নিয়ে হামলা করে। তবে জামাল হোসেন বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে হাবিব ঘর তুললে আমরা বাধা দিই। এ কারণে ওরা আমাদের কুপিয়ে জখম করে।’
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের আলী মোল্লা একই গ্রামের কবির, সিরাজ ও মুনসুরের কাছ থেকে নয় শতাংশ জমি কেনেন। কিন্তু আলী মোল্লা সম্পূর্ণ টাকা পরিশোধ করার আগেই ওই জমিতে মাটি ফেলতে শুরু করেন।
এ কারণে জমি বিক্রেতা মুনসুর গত শুক্রবার আলীর বাড়িতে গিয়ে তাঁকে বাকি টাকা পরিশোধ করার জন্য চাপ দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গত রোববার রাত ১০টার দিকে জমির মালিকেরা আলী মোল্লাকে বাড়ি ফেরার পথে ধাওয়া করেন। আলীর চিৎকারে তাঁর লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের আটজন আহত হন। তাঁদের মধ্যে আলীর পক্ষের বিল্লাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় গত রোববার রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।