জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সত্ত্বেও মাটি কাটা হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে ঘর ও মন্দির ভাঙচুর করে উচ্ছেদ করা সেই সংখ্যালঘু পরিবার দুটিকে জায়গা ফিরিয়ে দেওয়াসহ পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার মানিকগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত নেওয়ার পর গতকালও পরিবার দুটির সেই জায়গায় হাসপাতাল নির্মাণের লক্ষ্যে মাটি কাটা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, উকিয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল এক বৈঠক করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়া বক্তারা উকিয়ারার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও জায়গা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহমেদ জানান, বৈঠকে সংখ্যালঘু পরিবার দুটিকে তাদের জায়গা ফিরিয়ে দেওয়াসহ পুনর্বাসন ও সাংবাদিক নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রধানদের সমন্বয়ে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি তিন দিনের মধ্যে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল গতকাল বেলা ১১টার দিকে উকিয়ারার ওই ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে প্রতিনিধিদলের নেতারা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। সংগঠনের যুগ্ম সম্পাদক নির্মল চ্যাটার্জি প্রথম আলোকে জানান, তাঁরা যখন ঘটনাস্থল পরিদর্শন করেন, তখনো সেখানে পুলিশ পাহারায় ২৫ থেকে ৩০ জন শ্রমিক মাটি কাটছিলেন। জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে পরিবার দুটিকে ওই জায়গা ফিরিয়ে দেওয়াসহ পুনর্বাসন এবং মাটি কাটা বন্ধের দাবি জানান তাঁরা। জেলা প্রশাসক মাটি কাটা বন্ধের আশ্বাস দেন। এ সত্ত্বেও শরৎ আর গোসাই মণ্ডলদের উচ্ছেদ করা ভিটায় গতকাল পুলিশ পাহারায় মাটি কাটা হয়। এ ব্যাপারে বক্তব্য নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তাঁরা রিসিভ করেননি। গত মঙ্গলবার উকিয়ারা গ্রামে হামলা চালিয়ে সন্ত্রাসীরা দুটি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ এবং দুটি আধাপাকা ঘর ও দুর্গা মন্দির ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।