জমি ফিরে পাওয়ার দাবিতে ক্লাস বর্জন, ধর্মঘট আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি ফিরে পাওয়ার দাবিতে ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ, পথসভা ও সড়ক অবরোধ করেন। কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন তঁারা l  ছবি: প্রথম আলো
জমি ফিরে পাওয়ার দাবিতে ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ, পথসভা ও সড়ক অবরোধ করেন। কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন তঁারা l ছবি: প্রথম আলো

কলেজের জমি ফিরে পাওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার থেকে পাবনার ঈশ্বরদীর সরকারি কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ধর্মঘটের ডাক দিয়েছেন।

আদালতে রায়ে কলেজের দখলে থাকা ১ একর ২৭ শতক জায়গা সম্প্রতি চার ব্যক্তিকে জেলা প্রশাসনের মাধ্যমে দখল হস্তান্তর করা হয়। কলেজের দখলে থাকা সেই জমি ফিরে পাওয়ার দাবিতে গতকাল দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথসভায় এই ধর্মঘটের ঘোষণা দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের রায় ও নির্দেশনা মোতাবেক গত সোমবার পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আকতার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার জমির মালিকদের ১ একর ২৭ শতক জমির দখল হস্তান্তর করেন। কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে অর্পিত সম্পত্তি হিসেবে বরাদ্দের মাধ্যমে ওই জায়গা ব্যবহার করে আসছিল। জায়গাটি কলেজের সামনে। ওই জায়গায় প্রবেশপথ, প্রধান ফটক, ক্যাম্পাস ও খেলার মাঠ রয়েছে।

কলেজের শিক্ষকেরা জানান, মশুড়িয়া পাড়ায় কলেজটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ১ একর ২৭ শতক অর্পিত সম্পত্তি তাঁদের দখলে রয়েছে। কিন্তু হঠাৎ করে জায়গাটি হাতছাড়া হয়ে যাওয়ায় কলেজ অস্তিত্বসংকটের মধ্যে পড়েছে। অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন বলেন, জায়গাটি তাঁদের বৈধ দখলে রয়েছে। কিন্তু প্রশাসন তাঁদের দখল হস্তান্তরের বিষয় কিছু জানায়নি। তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন বলে জানান।

জমির মালিকের পক্ষে গোলাম মহিউদ্দিন বলেন, তিনি রাবেয়া খাতুনের কাছ থেকে ১৯৬০ সালে জমিটি কেনেন। এ নিয়ে নানা জটিলতার পর তিনি উচ্চ আদালতে রিট আবেদন করলে ২০১৪ সালের ২৭ নভেম্বর রায় পান এবং জমি দখল হস্তান্তর বাস্তবায়নের জন্য পাবনা জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করা হয়।