জমি ফেরত পাওয়ার দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৃষকদের জমি বন বিভাগ অবৈধভাবে দখল ও গেজেটভুক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষকেরা ওই সব জমি ফেরত পাওয়ার দাবি জানিয়ে গত রোববার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার জয়পুর ইউনিয়নের আমলাকাঁঠাল গ্রামের সাদেক শেখ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন মৌজার কৃষকদের পৈতৃক অনেক জমি বন বিভাগ দখল করে নিয়েছে। এসব জমির সিএস ও এসএ রেকর্ডে তাঁদের বাবদাদার নাম আছে। জমির মালিকানার পক্ষে বাবদাদার দলিল, সরকারি খাজনা পরিশোধের সব বৈধ কাগজপত্র আছে। কিন্তু চরকাই রেঞ্জের অধীন নবাবগঞ্জ বন বিভাগের বিভিন্ন বিটে কর্মরত একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী বাৎসরিক হারে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব জমি লোকজনকে মৌখিকভাবে বন্দোবস্ত দিয়ে আসছে।সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, কৃষকদের আপত্তির মুখে বন বিভাগ এসব জমি বন বিভাগের গেজেটে অন্তর্ভুক্ত করে। একাধিক কৃষক বন বিভাগের বিরুদ্ধে তাঁদের সম্পত্তি পাওয়ার আবেদন জানিয়ে উচ্চতর আদালতে রিট করেন। আদালত ওই সব সম্পত্তিতে স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু যাঁরা রিট না করে প্রতিবাদ করেছেন বা ভিটেমাটিতে চাষাবাদ করতে গেছেন, বন বিভাগের লোকজন তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বন বিভাগের উচিত, তাঁদের গেজেটের তালিকা ওই এলাকায় টাঙিয়ে দেওয়া। বন বিভাগের জমির বৈধ রেকর্ড জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে থাকতে হবে। এলাকাবাসীর বিরুদ্ধে বন বিভাগের সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির বলেন, বন বিভাগের গেজেট একটি দীর্ঘ প্রক্রিয়া। সেখানে কারও আপত্তি থাকলে তিন মাসের মধ্যে আবেদন করতে বলা হয়। সব আপত্তি নিষ্পত্তি করে সরকার বন বিভাগের গেজেট প্রকাশ করে।