জমি ফেরত পাচ্ছেন না সেই কৃষক
অধিগ্রহণ করা জমি ফেরত পাওয়ার আশায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সদরের সেই প্রান্তিক চাষি জহির উদ্দিন গতকাল সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিজুল ইসলামের সঙ্গে দেখা করলেও তাতে কাজ হয়নি।জেলা প্রশাসকের এর আগের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে অতিরিক্ত জেলা প্রশাসকও জহিরকে অধিগ্রহণের টাকা তুলে এলাকায় অন্য জমি কেনার পরামর্শ দিয়েছেন।দিনাজপুর পল্লী বিদ্যুৎ-১ এর উপকেন্দ্র স্থাপনে গত ২৯ ফেব্রুয়ারি জহির উদ্দিনের ৩৩ শতাংশের একমাত্র আবাদি জমিটি অধিগ্রহণ করেন জেলা প্রশাসক। ৮ এপ্রিল ওই জমি দখলে নেওয়া হয়েছে। এর আগে জহির উদ্দিন তাঁর জমিটি অধিগ্রহণ না করার অনুরোধ জানালে জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘একবার অধিগ্রহণ করা হলে কোনোভাবেই সে সিদ্ধান্ত বাতিল করা যায় না।’ অধিগ্রহণের বিনিময়ে যে দাম দেওয়া হয়েছে, সেই টাকায় তিনি জহির উদ্দিনকে নতুন জমি কেনার পরামর্শ দিয়েছিলেন। জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, জনস্বার্থে ওই জমিটি অধিগ্রহণ করা হয়েছে। পল্লী বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা উপকেন্দ্র স্থাপনে জহির উদ্দিনের জমিটি সুবিধাজনক মনে করেছেন। জহির উদ্দিন দাবি করেন, বর্তমান বাজারদর অনুযায়ী তাঁর প্রতি শতক জমির দাম অন্তত দেড় লাখ টাকা। কিন্তু প্রতি শতক জমির অধিগ্রহণ মূল্য ধরা হয়েছে ৫১ হাজার টাকা। দিনাজপুরের আইনজীবী লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক চাইলে যেকোনো উপায়ে মানবিক দিক বিবেচনা করে অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিল করতে পারেন। তা ছাড়া অধিগ্রহণ মূল্য বাজারদরের চেয়ে কম দেওয়ার কোনো কারণ নেই।