বিধি ভেঙে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জেলা প্রশাসকের (ডিসি) নামে রেকর্ড হওয়া হাড়ারগজ সংরক্ষিত বনের প্রায় দুই হাজার একর জমি ফিরে পেতে বন বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সেটেলমেন্ট কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বন বিভাগ।
বন বিভাগ সূত্র জানায়, ৭ অক্টোবর সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সিলেটের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তার কাছে চিঠি পাঠান। এতে বলা হয়েছে ১৯২১, ১৯২৮ ও ১৯৩৮ সালে ঘোষিত গেজেট অনুযায়ী জেলা প্রশাসকের নামে রেকর্ড হওয়া জমিটি হাড়ারগজ সংরক্ষিত বনের চৌহদ্দির মধ্যে পড়েছে। বনের অখণ্ডতা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এ জমিটি বনের নামে খতিয়ানভুক্ত হওয়া আবশ্যক। চিঠিতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ করা হয়।
চিঠির অনুলিপি ভূমি মন্ত্রণালয়ের সচিব, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেটের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা ও সুপারিনটেন্ডেন্ট অব সার্ভে সিরাজুল হক প্রথম আলোকে বলেন, মাঠপর্যায়ে তদন্ত করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের ডিএফও আবুল বাশার মিয়া গতকাল সোমবার বিকেলে জানান, সম্প্রতি সংশ্লিষ্ট সেটেলমেন্ট কার্যালয় থেকে পাঠানো জরিপ আইনের ৩৩ ধারার নোটিশ পেয়ে বনের জমি জেলা প্রশাসকের নামে রেকর্ড হওয়ার বিষয়টি তাঁরা জানতে পারেন। জুড়ী-১ রেঞ্জের দায়িত্বে থাকা তৎকালীন কর্মকর্তারা আগের নোটিশগুলো সম্পর্কে তাঁদের কিছুই জানাননি। তিনি বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রধান বন সংরক্ষক দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিতভাবে নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের আওতাধীন হাড়ারগজ সংরক্ষিত বনটি দীর্ঘদিন ধরে জরিপের বাইরে ছিল। এ অবস্থায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিজিটাল পদ্ধতিতে বনটি জরিপের উদ্যোগ নেয়। ২০১০ সালে দুই সদস্যের একটি নকশা প্রস্তুতকারী দল উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের কর্মকর্তাদের সহযোগিতায় জরিপকাজ শুরু করে। জরিপ শেষে গত ৪ আগস্ট হাড়ারগজ আরএফ (সংরক্ষিত বন) মৌজায় (জেএল নম্বর-৭৮) জেলা প্রশাসকের নামে দুই হাজার ১৭৪ দশমিক ৩৫ একর জমি রেকর্ড হয়। একই মৌজায় বন বিভাগের নামে রেকর্ড হয় ১১ হাজার ৬৮ দশমিক ৮৯ একর জমি।
অথচ ২০০১ সালে প্রণীত ভূমি রেকর্ড ও নকশাবিষয়ক নির্দেশাবলিতে বলা হয়েছে, ১৯২৭ সালের বন আইনের ২০ ধারাবলে সংরক্ষিত বন হিসেবে প্রকাশিত প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত সব জমি বন বিভাগের নামে খতিয়ানভুক্ত হবে। এ ছাড়া বন বিভাগ প্রত্যর্পণ না করলে রিজার্ভড, প্রোটেকটেড বা অ্যাকোয়ার্ড হিসেবে চিহ্নিত বনের কোনো জমি কারও নামে রেকর্ড করা যাবে না।
২০১১ সালে উপজেলা সহকারী সেটেলমেন্ট কার্যালয় থেকে জরিপ আইনের ৩০ ও ৩১ ধারা অনুযায়ী আপত্তি ও আপিলের ব্যাপারে জমি রেকর্ডের খসড়া নোটিশ বন বিভাগের সংশ্লিষ্ট রেঞ্জ কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু ওই কার্যালয়ের কর্মকর্তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। এদিকে ২০০০ সালের দিকে চা-চাষ সম্প্রসারণের জন্য হাড়ারগজ সংরক্ষিত বন মৌজায় দুই হাজার ২০০ একর জমি বন্দোবস্ত পেতে স্থানীয় নিউ সাগরনাল টি কোম্পানির মালিকানাধীন সাগরনাল চা-বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবর আবেদন করে। কোম্পানিটির চেয়ারম্যান শামসুল হক ভূঁইয়া আওয়ামী লীগের চাঁদপুর জেলা কমিটির বর্তমান সভাপতি।
এ নিয়ে গত ২২ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘জমি নিলেন ডিসি, চান আওয়ামী লীগের নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচিত হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।