যশোরের কেশবপুর উপজেলার পাঁচটি উন্নয়ন প্রকল্প জমি বরাদ্দ না পাওয়ায় শুরুই হতে পারছে না। জমি বরাদ্দের বিষয়টি কেবল চিঠি চালাচালিতে থমকে আছে। এই সরকারের আমলে এগুলোর বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, শিশু একাডেমী, শিল্পকলা একাডেমি, মিনি স্টেডিয়াম, ফায়ার সার্ভিস ও শিশুপার্ক তৈরির জন্য সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে উপজেলা প্রশাসনের কাছে জমি চেয়ে বিভিন্ন সময় চিঠি আসে। সেই চিঠির আলোকে উপজেলা প্রশাসনেরপক্ষ থেকে বিভিন্ন দপ্তরে ভূমি বরাদ্দের জন্য চিঠি দেওয়া হয়। এরপর সেগুলো সেখানেই থেমে আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুর শিশু একাডেমীর নিজস্ব ভবন নির্মাণের জন্য ২০১৩ সালের ২৪ ডিসেম্বর একাডেমীর পরিচালক মোশারফ হোসেন একটি চিঠি ইউএনওর কাছে পাঠান।পরে ২০১৬ সালের ১৩ মার্চ জমি বরাদ্দের জন্য উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা বিমল কুমার কণ্ডু ইউএনওর কাছে চিঠি দেন। বিমল কুমার কণ্ডু বলেন, ‘গত তিন বছরেও আমরা জমি বরাদ্দের বিষয়ে কিছুই জানতে পারিনি।’
উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি হয় ২০১২ সালের ৩১ অক্টোবর। ২০১৬ সালের ১০ ডিসেম্বর শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ চেয়ে ইউএনওকে চিঠি দেন। কিন্তু এখনো জমি বরাদ্দ মেলেনি।
কেশবপুরে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবির পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস স্টেশন করতে জমি বরাদ্দ চেয়ে ইউএনওকে চিঠি দেয়। ২০১৬ সালের ৫ মার্চ ৩৩ শতাংশ ভূমি বরাদ্দের জন্য ওই চিঠি দেওয়া হয়।
মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ২০১৫ সালের ১৩ জুলাই ৫ একর ১ শতাংশ জমি বরাদ্দের জন্য জেলা প্রশাসকের কাছে ভূমি কার্যালয় চিঠি দেয়।
এদিকে কেশবপুর ‘রক্তকরবী’ উন্মুক্ত মঞ্চের পাশে একটি শিশুপার্ক তৈরির জন্য ইউএনও, উপজেলা প্রকৌশলীসহ এলাকার সুধী সমাজ জায়গা নির্ধারণ করে। কিন্তু আজও ওই জমি বরাদ্দ দেওয়া হয়নি। উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, এ প্রকল্প করা হয়েছে এবং প্রস্তাব জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরে দেওয়া হয়েছে। তবে এর কোনো কাগজপত্র তাঁর কার্যালয়ে সংরক্ষণ করা হয়নি বলে তিনি জানান।
কেশবপুরের নাগরিক সমাজের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী বলেন, উন্নয়ন কর্মকাণ্ডগুলো করার ব্যাপারে যতটা না প্রশাসনিক জটিলতা আছে, তার থেকে রাজনৈতিক সমস্যা বেশি আছে।
কেশবপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশু সংগঠক আবদুল মজিদ বলেন, ‘এ সরকারের আমলে এসব প্রকল্প বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও শরীফ রায়হান কবির গতকাল শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমির জমি চেয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মিনি স্টেডিয়ামের জন্য একটি খাসজমি বরাদ্দ দিতে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের জন্য জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। এ ছাড়া খাসজমিতে শিশুপার্ক করার প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।