জমি বরাদ্দের দাবিতে মুক্তিযোদ্ধা সমাবেশ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দের দাবিতে গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধারা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি সঞ্চারকলিপি দেন।
স্মারকলিপিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য তেঁতুলিয়া উপজেলা সদরের খাস খতিয়ানভুক্ত ২২৪৪ নম্বর দাগের ৭৮ শতক জমির মধ্যে ৩০ শতক বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়েছে।
দুপুর ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে ইউএনও নির্ধারিত স্থানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দাবি জানানো হয়। পরে তাঁরা ইউএনওর কার্যালয়ে গিয়ে সঞ্চারকলিপি দেন।
ইউএনও মো. মুনিরুজ্জামান জানান, মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ওই জমিতে কমপ্লেক্স নির্মাণের জন্য পাঁচ কাঠা জমি বরাদ্দের একটি প্রস্তাব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।