জমি বিক্রি করায় নাটোরে এক পরিবার একঘরে!
মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অন্য সমপ্রদায়ের লোকজনের কাছে বেশি দামে জমি বিক্রি করেছিল একটি হিন্দু পরিবার। আর এ অপরাধে হিন্দু সম্প্রদায়ের প্রধানেরা বৈঠক ডেকে ওই পরিবারটিকে গত শনিবার থেকে একঘরে করে রেখেছে। ঘটনাটি ঘটেছে নাটোর সদর উপজেলার দহতেবাড়িয়া গ্রামে। গ্রামটির তারাপদ সরকারের পরিবারকে একঘরে করা হয়েছে। এ কারণে ওই পরিবারের আট সদস্য এখন মানবেতর জীবনযাপন করছে।নাটোর সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দহতেবাড়িয়া গ্রামের মৃত তারাপদ সরকারের স্ত্রী বিমলা রানী সরকার সম্প্রতি নিজের একখণ্ড জমি বিক্রির প্রস্তাব দিলে তাঁর সম্প্রদায়ের লোকজন বাজার দরের চেয়ে কম দামে কিনতে চায়। কিন্তু তিনি ওই দামে জমি বিক্রি করতে রাজি হননি। পরে একই গ্রামের ইব্রাহিম হোসেন ওই জমি বেশি দামে কেনার প্রস্তাব দিলে বিমলা রানী তাঁর কাছে জমিটি গোপনে বিক্রি করে দেন।নাটোর সদর থানা সূত্রে আরও জানা গেছে, জমি বিক্রির খবর জানার পর শুক্রবার স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রধান শুম্ভনাথ সরকার, সুধাংশ সরকার ও অনিল কুমার সরকার দহতেবাড়িয়া গ্রামের একটি মাঠে বৈঠকে বসেন। তাঁরা ওই বৈঠকে বিমলা রানী সরকারকে একঘরে করার সিদ্ধান্ত নেন। তাঁরা এ সিদ্ধান্ত বিমলা রানী সরকারসহ তাঁদের সম্প্রদায়ের লোকজনকে জানিয়ে দেন। এ কারণে গত শনিবার থেকে বিমলা রানীর পরিবার সব ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারছে না। তাদের সঙ্গে সবাই কথা বলা বন্ধ করে দিয়েছে।বিমলা রানী সরকার অভিযোগ করেন, ‘শশ্মানের নামে সমাজপতিরা আমার জমি মাটির দামে কিনতে চাইছেন। আমি দিতে রাজি না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে আমার পরিবারকে শাস্তি দিচ্ছেন। কিন্তু ওই জমি বিক্রি করে আমি আমার মেয়ের বিয়ে দেব। যে বেশি টাকা দিয়েছে আমি তাকেই দিয়েছি। এটাই আমার দোষ।’সমাজের প্রধান সম্ভুনাথ সরকার বলেন, ‘কিছু শর্ত ভঙ্গ করায় আমরা তাদের আলাদা করেছি। তার ওপর কোনো নির্যাতন করিনি। তারা তাদের মতো চলতে পারবে। এটা সমাজের সবার সিদ্ধান্ত। সে (বিমলা রানী) আমাদের না জানিয়ে শশ্মানে যাওয়ার একটি জমি অন্যের কাছে বিক্রি করে দিয়েছে।’ তিনি আরও জানান, বিমলা রানী তাঁদের না জানিয়ে গোপনে জমি বিক্রি করে প্রতারণা করেছে। তাঁরা সবাই মিলে বেশি দামেই তাঁর (বিমলা রানী) কাছ থেকে জমি কিনতে পারতেন।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য আমরা ওই গ্রামে যাব। এটা নিয়ে অপ্রীতিকর কিছু ঘটেনি।’