জমি বিক্রি: অনুমতি প্রথা বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের পল্লি চিকিৎসক নিতাই কোচ বংশের উপাধি বাদ দিয়ে হয়েছেন নিতাই সরকার। গায়রাবেতিল গ্রামের লিটন কোচ হয়েছেন লিটন সরকার। তাঁদের দুজনের মতো আদিবাসী কোচ সম্প্রদায়ের লোকদের মধ্যে কেউ সরকার, কেউ মণ্ডল বা কেউ অন্য কোনো উপাধি ব্যবহার করছেন।পূর্বপুরুষদের উপাধি বাদ দিয়ে নতুন উপাধি নেওয়ার একমাত্র কারণ—জমি বিক্রিতে অনুমতি প্রথা। নামের শেষে কোচ বাদে অন্য উপাধি থাকলে কোনো ঝামেলা ছাড়াই জমি বিক্রি করা যায়। কোচ উপাধি থাকলে জমি বিক্রি করতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে আবেদন করে অনুমতি নিতে হয়। এতে অনেক সময় লাগে। পাশাপাশি ভোগান্তি আর টাকা খরচ তো আছেই। এলাকাবাসী জানান, বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল, কাইতল্লা, বংশীনগর, পেকুয়া ও তেলিনা গ্রামে কয়েক যুগ ধরে কোচ সম্প্রদায়ের তিন সহস্রাধিক লোক বসবাস করছেন, যাঁদেরকে নিজের জমি বিক্রি করতে ডিসির অনুমতির প্রয়োজন হয়। এ ঝামেলা এড়াতেই কোচ সমপ্রদায়ের বর্তমান প্রজন্ম তাঁদের পূর্বপুরুষের উপাধি বাদ দিচ্ছেন। জেলা প্রশাসকের রেভিনিউ মুন্সিখানা (আরএম) শাখার সূত্রমতে, ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব অধ্যাদেশ করার সময় আদিবাসী গোষ্ঠীর সম্পত্তি রক্ষার জন্য এ বিধান করা হয়েছিল। যাতে কেউ আদিবাসীদের ঠকিয়ে তাদের সম্পত্তি নিতে না পারে। এই অধ্যাদেশের ৯৭(৪) ধারামতে, নির্ধারিত ফরম পূরণ করে জমি বিক্রির জন্য ডিসির কাছে লিখিত আবেদন করতে হয়। আবেদনের পর ডিসি কার্যালয় থেকে সংশ্লিষ্ট ভূমি কার্যালয়, বিভাগীয় বন কর্মকর্তা ও ডিসির অর্পিত সম্পত্তি সেল শাখায় অনাপত্তির প্রতিবেদনের জন্য পাঠানো হয়। সবকিছু ঠিক থাকলে কোচ সম্প্রদায়ের লোকজন জমি বিক্রির অনুমতি পান। তবে এ প্রক্রিয়াটি শেষ হতে প্রায় ছয় মাস সময় লাগে।সূত্র আরও জানায়, গত তিন বছরে ৬৫ জন ব্যক্তি জমি বিক্রির অনুমতি চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে ২০১০ সালে ৩৪ জন, ২০১১ সালে ১১ জন এবং এ বছরের নভেম্বর পর্যন্ত ২০ জন আবেদন করেছেন। এঁদের অধিকাংশই অনুমতি পেয়েছেন। গায়রাবেতিল গ্রামের রতন কোচ, নিবারণ কোচ, তেলিনা গ্রামের বিহারি লাল কোচ, খগেন্দ্র কোচসহ অনেকেই জানান, হিন্দু-মুসলিম কাউকে জমি বিক্রি করতে অনুমতি নিতে হয় না। অথচ তাঁদের পৈতৃক জমির রেকর্ড, পরচা, নামজারি ও খাজনা পরিশোধের রসিদ নিজেদের নামে থাকা সত্ত্বেও জমি বিক্রি করতে ডিসির অনুমতি লাগে। এটা খুবই অমানবিক। এ প্রথা বাতিল করা খুবই জরুরি। কাইতল্লা গ্রামের বৃদ্ধ বিপিন কোচ ও যোগেন্দ্র কোচ বলেন, ‘এ প্রথার কারণে আমরা নিজ ঘরেই পরবাসী হয়ে আছি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডালেম চন্দ্র বর্মণ বলেন, স্বাধীন দেশে সম-অধিকারের প্রশ্নে এ বিধান রদবদল হওয়া দরকার। আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমাজকল্যাণ সম্পাদক সুনীল সারথী বর্মণ বলেন, জমি বিক্রির অনুমতি নিতে প্রায় ছয় মাস সময় লাগে। অনেক টাকাও খরচ হয়। এ প্রথা রাখতে চাইলে তা জেলা থেকে উপজেলা পর্যায়ে নিয়ে এলে কোচ সম্প্রদায়ের ভোগান্তি কমবে। টাঙ্গাইল ডিসি কার্যালয়ের আরএম শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার নাসরীন সুলতানা বলেন, আদিবাসীদের কাউকে ঠকিয়ে কেউ যেন তাঁদের সম্পত্তি না নিতে পারে, এ জন্যই আইনটি করা হয়েছিল। আদিবাসীদের আবেদন পাওয়ার পর আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে তাদের জমি বিক্রির অনুমতি দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়।