জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে না পেরে বাসাইল থানার পুলিশ কৃষক লাল মামুদকে পিটিয়ে ও চুবিয়ে হত্যা করেছে বলে তাঁর পরিবারের সদস্য ও গ্রামবাসী অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, শুধু লাল মামুদ নয়, সুন্না ও আশপাশের গ্রামের অনেক নিরীহ মানুষকে পুলিশের তথ্যদাতা (সোর্স) বজলুর রহমান টাকার জন্য পুলিশ দিয়ে হয়রানি করেছেন।গতকাল শুক্রবার টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্না গ্রামে গিয়ে এসব তথ্য জানা যায়। সুন্না গ্রামবাসীর অভিযোগ, গ্রামের রবি মিয়ার ছেলে বজলুর রহমান ওরফে হেলাল দীর্ঘদিন ধরে বাসাইল থানা পুলিশের তথ্যদাতা হিসেবে কাজ করছিলেন। তাঁকে সবাই এক নামে ‘পুলিশের দালাল’ হিসেবে চেনে। সুন্না ও আশপাশের গ্রামে কোনো ঘটনা ঘটলে পুলিশের ভয় দেখিয়ে, কখনো বা পুলিশ এনে ধরিয়ে দিয়ে অর্থ আদায় করতেন বজলুর। পরে তা পুলিশের সঙ্গে ভাগাভাগি করে নিতেন। গতকাল দুপুরে সুন্না গ্রামে লাল মামুদের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁর বৃদ্ধ মা ও চার মেয়ে বারান্দায় বসে কান্নাকাটি করছেন। তাঁর স্ত্রী নূরজাহান বেগম বাকরুদ্ধ হয়ে বসে ছিলেন দরজায়। বড় মেয়ে নার্গিস আক্তার বলেন, বাবা লাল মামুদ মাস খানেক আগে ১৩ লাখ টাকার জমি বিক্রি করেন। এ খবর পাওয়ার পর থেকেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাঁর বাবার পেছনে লাগেন বজলুর। এ জন্য বাবাকে একাধিকবার পুলিশের ভয়ও দেখানো হয়। বাবা এ ব্যাপারে বাড়ির লোকজনের সঙ্গে আলাপও করেছেন। টাকা না পেয়ে বজলুর গত মঙ্গলবার বিকেলে বাসাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুরুজ্জামান ও জাহাঙ্গীর আলম, কনস্টেবল সরোয়ার হোসেন ও শামীম রেজাকে গ্রামে নিয়ে আসেন। তাঁরা তাস খেলার আসর থেকে বাবাকে ধরে নিয়ে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেন।নিহত লাল মামুদের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে সেখানে জড়ো হন আশপাশের বাড়ির লোকজন। উজ্জ্বল মিয়া নামের এক ব্যক্তি বলেন, ‘কেউ জমি বিক্রি করলে, বিদেশ থেকে ফিরলে বজলু দালালের টার্গেটে পরিণত হতো। তাঁকে টাকা না দিলেই পুলিশ নিয়ে এসে নির্যাতন করতেন। মাস খানেক আগে একই গ্রামের মোশাররফ হোসেনের এক ছেলেকে পুলিশ দিয়ে ভয়ভীতি দেখিয়ে বজলু ২৫ হাজার টাকা হাতিয়ে নেন।’‘সুন্না গ্রামের বাদশা মিয়া, আবদুল জলিল, কাদের মিয়া, লাবলু মিয়া, মোতালেব হোসেন, সেলিম মিয়া, আবদুর রহিমসহ অনেককেই পুলিশের ভয় দেখিয়ে বজলু টাকা আদায় করেছেন।’—বলেন সুন্না বাজারের ব্যবসায়ী আবদুল আওয়াল মিয়া। হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তি বলেন, ‘পুলিশ বজলুর পকেটে থাকত। যাকে ধরতে বলত, তাকেই ধরত। যাকে ছাড়তে বলত, তাকে ছাড়ত।’লাল মামুদের মা নরিনন নেছা বলেন, ‘আমার মানিকরে যারা মাইর্যা ফালাইল তাগোর বিচার চাই।’ মেজো মেয়ে লায়লা বেগমের প্রশ্ন, ‘পুলিশ আইনের লোক হইয়া কীভাবে বজলুর মতো টাউট লোকের কথায় উঠে-বসে, কীভাবে ভালো মানুষরে মাইর্যা ফালায়?’গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বজলু ও বাসাইল থানার পুলিশের আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তাঁরা। এ কারণে মঙ্গলবার বিকেলে চোখের সামনে লাল মামুদকে পিটিয়ে ও চুবিয়ে হত্যার ঘটনায় তাঁরা চুপ থাকতে পারেননি। ঘটনার পর পর চার পুলিশকে ধরে পিটুনি দিয়ে আটকে রাখেন। হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ওই দিন রাতে বিক্ষোভ মিছিল করেন এবং পরদিন বাসাইল পৌরসভায় হরতাল পালন করেন।চার পুলিশ কারাগারে: লাল মামুদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আখেরুজ্জামান প্রথম আলোকে জানান, মামলার আসামি চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। ১ নম্বর আসামি বজলুরকে ধরতে তাঁর ভাই আবু তালেবকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।কাদের সিদ্দিকীর সমবেদনা: সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী গতকাল বেলা সাড়ে তিনটার দিকে লাল মামুদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। লাল মামুদ হত্যার বিচার চেয়ে পরে তিনি সুন্না গ্রামে ও সন্ধ্যা ছয়টায় বাসাইলে প্রতিবাদ সমাবেশ করেন।