জমি বিরোধে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ
জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের একটি বাড়ির চারটি বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
আগুনে বসতঘরগুলোর ভেতরের সব মালামাল ভসঞ্চীভূত হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেলাল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেমুয়া গ্রামের মৃত মাস্টার মজিবুল হকের ছেলে জসিম উদ্দিন গংয়ের সঙ্গে বাড়ির জায়গা নিয়ে একই বাড়ির বেলাল হোসেন ও জাহাঙ্গীরের বিরোধ চলছিল, যার জের ধরে গত বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনায় দুই নারী আহত হয়েছেন। ওই ঘটনার জের ধরে গতকাল শুক্রবার ভোরে জসিম উদ্দিন, আলাউদ্দিন, মাঈন উদ্দিন ও সামছুল হকদের বসতঘরে একসঙ্গে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে মুহূর্তের মধ্যে চারটি ঘর ভসঞ্চীভূত হয়।
জসিম উদ্দিন অভিযোগ করেন, প্রতিপক্ষ আমাদের নিঃস্ব করতে শত্রুতাবশত বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে গতকাল সকালে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতাবশত এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে মনে হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।