জমি বেচলেন মৃত ব্যক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি জমি বরাদ্দ পান ২০০৫ সালে। মারা যান ২০১১ সালে। কিন্তু জমিটি বিক্রি করেন ২০১২ সালে।
‘মৃত ব্যক্তির জমি বিক্রির’ এই ঘটনা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কাগজপত্রে দেখা গেছে, ভুয়া ব্যক্তিকে জমির মালিক হিসেবে শনাক্ত করেছেন রাজউকের বরখাস্ত হওয়া উচ্চমান সহকারী পাপিয়া রহমান। তিনি জমি হস্তান্তরের দলিলে সাক্ষী হিসেবেও স্বাক্ষর করেছেন। জমির দাম হিসাবে যে টাকা লেনদেন হয়েছে, তাতে তিনি ৫৫ লাখ টাকা গ্রহণ করেছেন। ২০০৩ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রবাসী কোটায় সাড়ে সাত কাঠা জমির জন্য আবেদন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এ কে এম আল মামুন। তিনি জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের বার্তাবাহক ছিলেন।
আল মামুন জমির দাম হিসাবে তিন কিস্তিতে (জামানত দুই হাজার ডলারসহ) ২১ হাজার ৮৭৬ মার্কিন ডলার পরিশোধ করেন। ২০০৫ সালে ৭ নম্বর সেক্টরের ৪০৭ নম্বর সড়কের ৫ নম্বর প্লটটি তাঁর নামে প্রাথমিকভাবে বরাদ্দ দেয় রাজউক। কিন্তু অসুস্থতার কারণে দেশে এসে তিনি জমির দখল বুঝে নিতে পারেননি। স্ত্রী আর পাঁচ মেয়ে রেখে ২০১১ সালের ১১ ডিসেম্বর নিউইয়র্কে মারা যান তিনি। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠিতে।
কিন্তু আল মামুনের মৃত্যুর পরের বছর সেপ্টেম্বরে জমিটি বিক্রি করা হয়। গত বছর আল মামুনের স্ত্রী তাহমিনা মামুন ঘটনাটি জানতে পারেন। এরপর তিনি দেশে থাকা স্বজনদের দিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ জানান।
যেভাবে জালিয়াতি: দুদক অনুসন্ধানে জেনেছে, আলমগীর মোল্লা ও শাহাদাত সরকার দুজন জমির ব্যবসা করেন। ২০১২ সালে তাঁরা নাহিদ কম্পোজিট কটন মিলের পরিচালক জাকিউল্লাহর কাছে এই জমি বিক্রির প্রস্তাব নিয়ে যান এবং জানান, রাজউকের একজন কর্মকর্তা এই জমিটি বিক্রি করবেন।
দুদকের অনুসন্ধানমতে, জাকিউল্লাহ রাজউকে গেলে আল মামুনের পাসপোর্টের একটি ফটো-কপি জাকিউল্লাহকে দেন পাপিয়া। পাসপোর্টে যুক্তরাষ্ট্রের ভিসাও রয়েছে। আল মামুনকে পাপিয়া নিজের ভাই বলে পরিচয় দেন।
দুদক জেনেছে, পাসপোর্টধারী আসল আল মামুন নন, তাঁর নাম সালাহউদ্দীন কবীর। ক্রেতার বিশ্বাস অর্জনের জন্য নিজের ছবি দিয়ে আল মামুনের নামে একটি ভুয়া পাসপোর্ট তৈরি করা হয়। ধারণা করা হচ্ছে, পাসপোর্টে থাকা যুক্তরাষ্ট্রের ভিসাটিও ভুয়া। কারণ, এটা ব্যবহার করে ভ্রমণের কোনো তথ্য নেই।
দুদক সূত্র জানায়, রাজউকে করা জমি বরাদ্দের জন্য আবেদন ফরমে লাগানো এ কে এম আল মামুনের গোঁফসহ ছবি রয়েছে। কিন্তু জমি বিক্রেতা আল মামুনের গোঁফ নেই। চেহারারও মিল নেই।
কাগজপত্রে দেখা গেছে, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর মার্কেন্টাইল ব্যাংকের উত্তরা শাখায় আল মামুনের নামে একটি হিসাব খোলা হয়। ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার বরাবর হলফনামা দাখিল করেন এ কে এম আল মামুন। সেখানে তিনি উল্লেখ করেছেন, তাঁর হস্তান্তরিত ওই জমির নিরঙ্কুশ মালিক তিনি। ওই হলফনামায় শনাক্তকারী হিসেবে পাপিয়া রহমানের সই রয়েছে।
১৬ সেপ্টেম্বর এ কে এম আল মামুন একটি আম-মোক্তারনামার মাধ্যমে জমিটির দলিল জাকিউল্লাহকে হস্তান্তর করেন। দলিলে তিনজন সাক্ষীর মধ্যে পাপিয়া রহমানেরও সই রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মো. জাকিউল্লাহ বলেন, তিনি যাঁর কাছ থেকে জমিটি কিনেছেন, তিনিই আসল আল মামুন। তবে ২০১১ সালে মারা যাওয়া ব্যক্তি ২০১২ সালে কীভাবে জমি বেচলেন—এমন প্রশ্ন করলে তিনি কিছু বলেননি।
জাকিউল্লাহ ডাচ্-বাংলা ব্যাংকের চারটি পৃথক পে-অর্ডারের মাধ্যমে সোয়া দুই কোটি টাকা পরিশোধের কথা জানান। এর মধ্যে পাপিয়া রহমানের নামে ৫৫ লাখ, এ কে এম আল মামুনের নামে এক কোটি ৪০ লাখ, শাহাদাত সরকার ও আলমগীর মোল্লার নামে ১৫ লাখ টাকা করে পে-অর্ডার দিয়েছেন।
রাজউক সূত্র জানায়, একই ধরনের আরেকটি জালিয়াতির ঘটনায় গত বছর পাপিয়া রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে কথা বলার জন্য পাপিয়া রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ফোন নম্বরও বন্ধ।
পাপিয়ার স্বামী দুদকের একজন কর্মকর্তা। ১০ এপ্রিল তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মধ্যস্বত্বভোগী একটা চক্র পাপিয়ার নাম ব্যবহার করে তাকে ঘটনার শিকার বানিয়েছে।’ তিনি এ বিষয়ে পাপিয়া রহমানের জড়িত না থাকার প্রমাণ উপস্থাপনের জন্য দুজনকে পরদিন প্রথম আলো কার্যালয়ে পাঠাতে চান। এর পরদিন তিনি জানান, ওই দুজন লোক বরিশালের সাংসদ শওকত হোসেনের জানাজায় অংশ নিতে যাওয়ায় আসতে পারবেন না।
গত ১৬ মার্চ আবার ফোন করে পাপিয়া রহমানের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর স্বামী বলেন, ‘ও (পাপিয়া) তো ঢাকায় নাই। বেড়াইতে গেছে। আসলে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলব।’ সবশেষ গত মঙ্গলবার যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পাপিয়া তো অসুস্থ। ওর অপারেশন করাব কি না, এসব নিয়ে ঝামেলায় আছি। ও সুস্থ থাকলে তো আপনাদের সঙ্গে কথা বলতেই পারত।’
প্রয়াত আল মামুনের স্ত্রী তাহমিনা মামুন জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে চাকরি করছেন। প্রথম আলোকে তিনি বলেন, তাঁর স্বামী ১২ বছর যুক্তরাষ্ট্রে থেকে এখানেই মারা যান। তাঁর সারা জীবনের সঞ্চয় জমির পেছনে চলে গেছে।