খুলনা বিশ্ববিদ্যালয়ের জমি বেহাতের জন্য দায়ী ব্যক্তি ও ভর্তি পরীক্ষা বানচালের নেপথ্য নায়কদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষকের উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এ কে ফজলুল হক বলেন, জমি বেহাত হওয়ার প্রতিবাদ করার জন্য ভর্তি পরীক্ষা বানচাল করাটা কোনোভাবেই সমর্থন করা যায় না। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তিনি জমি জালিয়াতির ঘটনা তদন্তকারী দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, জমিসংক্রান্ত বিষয়ে তদন্তে উপাচার্যসহ যিনিই জড়িত হোক না কেন, তাঁদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শফিক, অধ্যাপক সমীর কুমার সাধু, অধ্যাপক সরোয়ার জাহান, অধ্যাপক মোস্তফা সরোয়ার, অধ্যাপক মাহমুদ হোসেন, অধ্যাপক সালমা বেগম, অধ্যাপক জুলফিকার হোসেন, অধ্যাপক কাজী শাহনেওয়াজ ও অধ্যাপক অনির্বাণ মোস্তফা।