জমি ভরাট শুরু করেছেন চুনকুটিয়ার মালিকেরা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মৌজার জমির মালিকেরা বালু ফেলে জমি ভরাটের কাজ শুরু করেছেন। গতকাল শুক্রবার দুপুরে চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতির উদ্যোগে চার শতাধিক মালিক আনুষ্ঠানিকভাবে জমি ভরাটের কাজ শুরু করেন।জানা গেছে, জমিতে বালু ভরাট কাজের উদ্বোধন উপলক্ষে সমিতির কার্যালয়ে গতকাল সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা কষ্টার্জিত টাকা দিয়ে জমি কিনেছি, অবৈধভাবে নয়। কিন্তু বসুন্ধরা অবৈধভাবে আমাদের জমি দখলের চেষ্টা করেছিল, আমাদের প্রতিবাদের মুখে তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে। জোর-জুলুম করে বেশি দিন টিকে থাকা যায় না। আজ থেকে আমরা নিজেদের জমি নিজেরাই ভরাটের কাজ শুরু করছি।’সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমান হোসেন বলেন, ‘দুই দিন আগেও আমাকে ও আমাদের সমিতির কয়েকজন নেতাকে বসুন্ধরার লোকজন হুমকি-ধমকি দিয়েছে, যাতে আমরা বালু ফেলে জমি ভরাট না করি।’ তিনি আরও বলেন, ‘আমরা জমির মালিকেরা এখন একত্রে কাজ করছি। তাই কোনো হুমকি-ধমকিতে আমরা আর ভয় পাই না। আশা করছি, এক বছরের মধ্যে আমাদের সমিতির আওতাভুক্ত ৪৮৩ জন মালিকের প্রায় ৩৮০ বিঘা জমি আমরা ভরাট করতে পারব।’সভায় আরও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা মো. মাসুদ, জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মাওলা, সহসভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাজাহান, সহ-সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুল ইসলাম প্রমুখ।সভা শেষে জমির মালিকেরা বিক্ষোভ মিছিলসহ নিজ নিজ জমিতে বালু ফেলে ভরাটের কাজ শুরু করেন। এ সময় সমিতির পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। জমির মালিক রাবেয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার ও আমার বোনের নামে এই মৌজায় তিন শতাংশ জমি রয়েছে। আমরা আজ থেকে জমি ভরাটের কাজ শুরু করেছি।’