জমি লিখে দিয়ে স্ত্রী হত্যার দায়মুক্তি!
জয়পুরহাটের আক্কেলপুরে সন্তান ও গ্রামের মসজিদের নামে জমি লিখে দিয়ে এক ব্যক্তি স্ত্রী হত্যার দায় থেকে রেহাই পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নূরনগর গ্রামে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে।নিহত ব্যক্তির বড় ছেলে ফারুক হোসেন বলেন, ‘সোমবার দুপুরে বাবা (আবদুস ছাত্তার) আর মায়ের (ফাতেমা) সঙ্গে বাগিবতণ্ডা হয়। আমি তখন দোকানে ছিলাম। বাবা দোকানে এসে মাকে মারধর করার কথা জানান। আমি বাড়িতে গিয়ে দেখি, মা ঘরের মেঝেতে পড়ে আছেন। মাথা দিয়ে প্রচুর রক্ত ঝরছে। মাকে নিয়ে তিলকপুর বাজারের চিকিৎসক জাকির হোসেনের কাছে যাই। চিকিৎসক মাকে দেখে নওগাঁ হাসপাতালে নিতে বলেন। মাকে নিয়ে বিকেলে হাসপাতালে পৌঁছি। হাসপাতালেই মা মারা যান।’গ্রামবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধিদের অভয়ে স্ত্রী হত্যাকারী আবদুস ছাত্তার মঙ্গলবার বিকেলে বাড়িতে ফিরে আসেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী ও ওয়ার্ড সদস্য বাদশা মিয়ার উপস্থিতিতে গ্রামে আপসরফা বৈঠক হয়। বৈঠকে গ্রামের মসজিদে পাঁচ কাঠা, ফাতেমার দুই মেয়েকে ১০ কাঠা ও বাকি জমি ছেলেদের লিখে দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকেই মুহুরি ডেকে মসজিদ ও দুই মেয়ে, দুই ছেলের নামে জমি লিখে নেওয়া হয়। এরপর রাত আটটায় ফাতেমার লাশ দাফন করা হয়।স্ত্রী হত্যাকারী আবদুস ছাত্তার বলেন, ‘আমি বউকে মেরে ফেলার জন্য মারিনি। ঝগড়া বাধায় রাগের মাথায় আঘাত করেছিলাম। খেসারত হিসেবে আমার ছেলেমেয়ে ও মসজিদের সম্পত্তি লিখে দিয়েছি।’তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী সোনার বলেন, ‘তুচ্ছ ঘটনায় স্বামী তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেছিল। পরে জানলাম, ওই দিন স্ত্রী হাসপাতালে মারা গেছে। মসজিদ ও ছেলেমেয়ের নামে জমি লিখে দেওয়ার কথা শুনেছি। আমি বৈঠকে ছিলাম।’ইউপি সদস্য বাদশা মিয়া স্ত্রী হত্যাকারী আবদুস ছাত্তারের জমিজমা লিখে দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আবদুস ছাত্তার আধা পাগল ছিল। এ ঘটনায় গ্রামে বৈঠক বসেছিল। বৈঠকে সন্তান ও মসজিদের নামে কিছু জমি লিখে দেওয়ায় হত্যার ঘটনায় কারও কোনো অভিযোগ নেই। বৈঠকে আমি ও ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলাম।’আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। পুলিশও কিছুই জানে না।’