জমি লিখে না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামে জমি লিখে না দেওয়ায় বুধবার বিকেলে ছেলে রাজা শরীফের (৪৮) হাতে বাবা চান শরীফ (৭৫) খুন হয়েছেন।এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার গৌরনদী থানায় নিহত চান শরীফের পুত্রবধূ জেসমিন বেগম বাদী হয়ে ভাশুর রাজা শরীফকে আসামি করে হত্যা মামলা করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের চান শরীফের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সোনাই বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। তাঁর দুই স্ত্রীর পাঁচ ছেলে ও চার মেয়ে রয়েছেন। প্রথম সংসারের তিন ছেলে ঢাকায় চাকরি করেন। বড় ছেলে রাজা শরীফ বাড়িতেই বাস করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রথম সংসারের বড় ছেলে রাজা শরীফ বাড়ির পাশে বাসুদেবপাড়া মৌজার ৪০ শতাংশ সম্পত্তি নিজ নামে সাবকবলা দলিল দেওয়ার জন্য দুই বছর ধরে তাঁর বাবা চান শরীফের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। জমি লিখে দিতে রাজি না হওয়ায় এ নিয়ে প্রায়ই বাবা-ছেলের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। গত বুধবার সকালে এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে রাজা শরীফ তাঁর বাবাকে জীবননাশের হুমকি দেন। বুধবার বিকেল পাঁচটার দিকে চান শরীফ বাড়ির পূর্ব পাশে মাঠে গরু চড়িয়ে বাড়ি ফেরার পথে রাজা শরীফ তাঁর পথরোধ করে জমি লিখে দেওয়ার বিষয়ে আবার জানতে চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি তাঁর বাবাকে উপর্যুপরি কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় চান শরীফকে উদ্ধার করে বুধবার সন্ধ্যায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক আবদুস ছালাম তাঁকে মৃত ঘোষণা করেন।চিকিৎসক আবদুস ছালাম জানান, চান শরীফের শরীরের বিভিন্ন স্থানে ১৮-২০টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অধিক রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।এ ব্যাপারে রাজা শরীফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘ঘটনার পর থেকে রাজা শরীফ পলাতক রয়েছেন। ওই দিনই সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।