জমি সওজের, ইজারা দেয় পৌরসভা আর চাঁদা নেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকার উভয় পাশে এক কিলোমিটার জুড়ে ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। এর মাঝখানে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ফুটপাত ও ফুটপাতসংলগ্ন জমির মালিক সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। তবে সওজের এই জমি অবৈধভাবে ইজারা দেওয়া হয়েছে সাভার পৌরসভা থেকে। সেখানে বসানো হয়েছে দোকানপাট। গড়ে তোলা হয়েছে ট্রাক, মাইক্রো, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোস্ট্যান্ড। আর এসব স্থাপনা থেকে ‘পার্কিং ও পৌরকর’ নামে আদায় করা হচ্ছে চাঁদা। চাঁদা আদায় করছেন ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতাদের লোকজন।সওজের কল্যাণপুর বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সালমা আক্তার গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, ‘সওজের এই জায়গাটি জনগণের চলাচলের জন্যই ব্যবহার হওয়ার কথা। এই জায়গা ইজারা দেওয়া সম্পূর্ণ অবৈধ।’সরেজমিনে দেখা যায়, সাভার বাসস্ট্যান্ডের এক পাশে নিউমার্কেট থেকে রানা প্লাজা পর্যন্ত প্রায় এক কিলোমিটার জুড়ে ফুটপাত ও ফুটপাতের পাশের খালি জায়গায় বিভিন্ন ধরনের প্রায় দুই হাজার ছোট দোকান রয়েছে। অপর পাশে রাজ্জাক প্লাজা থেকে মনসুর মার্কেট পর্যন্ত রয়েছে আরও প্রায় দুই হাজার দোকান। স্ট্যান্ডের বিভিন্ন স্থানে রয়েছে বাস, মাইক্রো, অটোরিকশা, হ্যালোবাইক, টেম্পো ও ট্রাকস্ট্যান্ড। এসব স্থাপনা থেকে পৌরসভার রসিদ ব্যবহার করে, কোনো কোনো ক্ষেত্রে রসিদ ছাড়াই চাঁদা আদায় করা হচ্ছে। দোকান ও যানবাহন স্ট্যান্ডের কারণে পুরো বাসস্ট্যান্ড এলাকা পরিণত হয়েছে দুর্ভোগের জনপদে। সড়কে সারা দিনই যানজট লেগে থাকে। ফুটপাতে স্বাভাবিক গতিতে হাঁটতে পারেন না পথচারীরা। বাসস্ট্যান্ডসংলগ্ন মজিদ ম্যানশনের সামনে ফুটপাতে বসে পোশাকসামগ্রী বিক্রি করেন হকার মাসুম খন্দকার। তিনি জানান, তাঁকে প্রতিদিন ৪৫ টাকা চাঁদা দিতে হয়। এর মধ্যে পৌরকর বাবদ ২০ টাকা, ‘হকার্স লীগ’কে ২০ টাকা ও বাসস্ট্যান্ড মসজিদের উন্নয়ন বাবদ দিতে হয় পাঁচ টাকা। মাসুমের মতো ফুটপাতে পোশাকসামগ্রী বিক্রি করছেন কয়েক শ হকার। বাসস্ট্যান্ডের ইউসুফ টাওয়ারের সামনে ফুটপাতে বসে কাঁচামাল বিক্রি করেন আবদুল কাদের ও আহাম্মদ আলী। তাঁদেরও প্রতিদিন ৪৫ টাকা করে চাঁদা দিতে হয়। এ ধরনের প্রায় দেড় হাজার দোকান রয়েছে। রাজালাখ উদ্যানতত্ত্বের সামনে সওজের জমিতে আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন সাভার শাখার কার্যালয়। ওই কার্যালয়ের সামনেই বিশাল ট্রাকস্ট্যান্ড। সেটি ব্যবহারের জন্য ট্রাকগুলোকে প্রতিবারে (ট্রিপপ্রতি) নির্ধারিত চাঁদা দিতে হয়। ট্রাকমালিক সোলায়মান ও ট্রাকচালক মোয়াজ্জেম হোসেন জানান, পার্কিং বাবদ প্রতিবার পৌরসভাকে দিতে হয় ৩০ টাকা। এ ছাড়া প্রতিদিন সমিতির চাঁদা দিতে হয় ২০ টাকা হারে। আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন সাভার শাখা কার্যালয়ের সহকারী কামরুল ইসলাম জানান, ইজারাদার মনির পালোয়ান ট্রাক থেকে পার্কিং বাবদ ভাড়া আদায় করছেন। বাকি ২০ টাকা শ্রমিক কল্যাণ তহবিলের জন্য নেওয়া হয়। সাভারবাজার বাসস্ট্যান্ড থেকে নামাবাজার পর্যন্ত সড়কটি সাভার বাজার সড়ক নামে পরিচিত। সেখানে চলাচলকারী রিকশা ও হ্যালোবাইকের জন্য কোনো স্ট্যান্ড নেই। এর পরও প্রতিটি হ্যালোবাইককে প্রতিদিন ৩০ টাকা হারে চাঁদা দিতে হয়। বাসস্ট্যান্ড রাজ্জাক প্লাজার সামনে মহাসড়কের জায়গায় রয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোস্ট্যান্ড। এখানে গাড়ি রাখলে প্রতিবারের জন্য ১০ থেকে ২০ টাকা করে দিতে হয়। জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রের সামনে সওজের জায়গায় মাইক্রোস্ট্যান্ড বানিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। ঢাকা জেলা হালকা যানবাহন শ্রমিক ইউনিয়ন সাভার শাখার সহ-সম্পাদক রবিউল ইসলাম চাঁদা নেওয়ার কথা স্বীকার করেন। ইজারাদার মনির পালোয়ান বলেন, পৌরসভার কাছ থেকে তিনি ১৭ লাখ টাকায় এক বছরের জন্য বাসস্ট্যান্ড এলাকার পরিবহন ও কুলিসহ কাঁচাবাজারের আংশিক ইজারা নেন। পরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দারের নির্দেশে মৌখিকভাবে বিভিন্নজনকে সাব-ইজারা দেওয়া হয়েছে।তবে আলী হায়দার ইজারা দিতে কাউকে বাধ্য করেননি বলে দাবি করেছেন।কাঁচাবাজারসহ অন্যান্য দোকান থেকে সমিতির চাঁদা ও পৌরকর আদায় করেন ‘বাংলাদেশ হকার্স লীগ’ ও ‘আওয়ামী হকার্স লীগ সাভার উপজেলা শাখা’র নেতারা। ‘আওয়ামী হকার্স লীগে’র সাধারণ সম্পাদক হানিফ দুলাল বলেন, ‘কাঁচাবাজারসহ অন্যান্য দোকান থেকে পৌরকর আদায়ের ইজারা নিয়েছিলেন পৌর চেয়ারম্যান মো. রেফাত উল্লাহর ভাই মো. রহমত উল্লাহ। তাঁর কাছ থেকে আমরা মৌখিকভাবে ১০ লাখ টাকায় ইজারা নিয়েছি।’ পৌরকরের বাইরেও টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা হকারদের কল্যাণের জন্যই নেওয়া হয়। অবৈধভাবে সওজের জায়গা ইজারা দেওয়ার বিষয়ে পৌরসভার মেয়র মো. রেফাত উল্লাহর কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি ‘জরুরি মিটিংয়ে আছি’ বলেই সংযোগ কেটে দেন। এরপর তিনি আর ফোন ধরেননি।