জমি সওজের, চাঁদা নেয় পুলিশ ও প্রভাবশালীরা
রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুর এলাকায় মহাসড়ক ও ফুটপাতের ওপর বাজার বসিয়ে প্রতিদিন অর্ধলাখের বেশি টাকা চাঁদা আদায় করছেন স্থানীয় প্রভাবশালীরা। এই চাঁদা যাচ্ছে পুলিশ ও রাজনৈতিক দলের নেতাদের পকেটে। এদিকে অবৈধ এই বাজারের কারণে যাত্রী ও যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজট থাকছে মহাসড়কে।ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে মহাসড়কসহ ফুটপাতজুড়ে রয়েছে সারি সারি দোকানপাট। খোলা আকাশের নিচে এসব দোকানে সবজি, মাছ, ফলসহ বিভিন্ন মালামাল বিক্রি করছেন পাঁচ শতাধিক ব্যবসায়ী। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এসব দোকান।ব্যবসায়ীরা জানান, প্রতি দোকান থেকে প্রতিদিন সাভার থানার জন্য ৫০ টাকা, মহাসড়কসহ ফুটপাতের ভাড়া বাবদ ৫০ টাকা, নেতাদের জন্য ২০ টাকা এবং স্থানীয় মসজিদের জন্য পাঁচ টাকা হারে চাঁদা আদায় করা হয়। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন আদায় করা চাঁদার পরিমাণ দাঁড়ায় ৬০ হাজার টাকার বেশি। নাম প্রকাশ না করার শর্তে ব্যবসায়ীরা জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা ও হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পরিত্যক্ত জমিতে আধাপাকা মার্কেট নির্মাণ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তা ব্যবসায়ীদের কাছে বন্দোবস্ত দেন। কিন্তু প্রথম আলোতে একাধিক প্রতিবেদন প্রকাশের পর বছর দুয়েক আগে সওজ কর্তৃপক্ষ অবৈধ ওই মার্কেট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। পরে সেখানে ভাস্কর্য নির্মাণ করে ওই জমি সওজের দখলে রাখা হয়। ব্যবসায়ীরা জানান, মার্কেট ভেঙে দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাদের পরামর্শে তাঁরা অস্থায়ী বাজার বসান। ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশের জন্য চাঁদা আদায় করেন মুকুল মিয়া। আর অন্যান্য খাতে চাঁদা আদায় করেন সোহরাব উদ্দিন, সালাউদ্দিন, কফিল মোল্লাসহ কয়েকজন। গতকাল সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে মুকুলসহ কয়েকজন দোকানে দোকানে ঘুরে চাঁদা আদায় করছেন। কিসের চাঁদা, জানতে চাইলে একজন চাঁদা আদায়কারী বলেন, ‘তা জেনে আপনার কোনো দরকার নেই। আপনি আপনার কাজ করেন, আমরা আমাদের কাজ করি।’ পরে জানা গেল, তিনি স্থানীয় ছাত্রলীগের নেতা। এর আগে বাজারের ছবি তুলতে গেলে চাঁদা আদায়কারীদের বাধার কারণে এ প্রতিবেদক ছবি তুলতে পারেননি। পরে মুকুল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বাজারে প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের জন্য প্রতি দোকান থেকে ৫০ টাকা চাঁদা আদায় করেন। আদায় করা চাঁদা থেকে প্রতিদিন সাভার থানার ওসিকে দেন দুই হাজার টাকা আর এসআই আবুল হোসেনকে দেন এক হাজার টাকা। বাকি টাকা তিনিসহ অন্য নৈশপ্রহরীরা ভাগ করে নেন।জানতে চাইলে এসআই আবুল হোসেন বলেন, ‘সব বিষয়ে ঘাঁটাঘাঁটি কইরেন না, সব বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করা ঠিক নয়।’