জমি হারানোর 'ভয়' রূপগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় বালু ফেলে ভরাট করা হচ্ছে কৃষিজমি ও জলাশয়। গত সোমবার বিকেলে।  ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় বালু ফেলে ভরাট করা হচ্ছে কৃষিজমি ও জলাশয়। গত সোমবার বিকেলে। ছবি: প্রথম আলো

রাজধানীর খুব কাছের উপজেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ১০ বছরে অস্বাভাবিক পরিমাণে কমছে কৃষিজমি ও জলাশয়। অপরিকল্পিত ও অবৈধ আবাসন ব্যবসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন আবাসন কোম্পানির প্রভাবের কারণে স্থানীয় বাসিন্দাদের অনেকে জমি হারানোর ভয়ে রয়েছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কৃষক ও জেলেরা। জমি-জলাশয় কমায় কাজ হারিয়ে ফেলছেন তাঁরা। বাধ্য হয়ে অনেকে পেশা পাল্টাচ্ছেন।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশের এই উপজেলায় গড়ে উঠেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্প। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় এখানে একের পর এক বেসরকারি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। এতে স্থানীয়ভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি লাভবান হচ্ছেন ঠিকই কিন্তু কৃষক পরিবারগুলো জমি হারানোর ভয়ে রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ বছরে রূপগঞ্জে কৃষিজমি কমেছে ২ হাজার ১৬০ হেক্টর (আড়াই একরে এক হেক্টর)। ২০০৮ সালেও এলাকায় কৃষিজমির পরিমাণ ছিল ১৩ হাজার ৬১০ হেক্টর। এখন আছে ১১ হাজার ৪৫০ হেক্টর। স্থানীয় বাসিন্দারা বলছেন, কৃষিজমি ও জলাশয় কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বর্গাচাষি ও জেলেরা। তাঁরা বেকার হয়ে পড়ছেন। অন্যের সহায়তা এবং দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছেন অনেকে।

রূপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১০ বছর আগে রূপগঞ্জে কৃষক পরিবার ছিল ৪৪ হাজার ৬৪২টি। এখন ২২ হাজার ১১৬টি। তিনি বলেন, নব্বইয়ের দশকের শেষ দিকে রাজউকের পূর্বাচল আবাসন প্রকল্পের জন্য রূপগঞ্জে দেড় হাজার একর জমি অধিগ্রহণ করে। এরপর এখানে জমি বেচাকেনা বেড়ে যায়। ফলে প্রতিবছরই কৃষিজমি কমছে।

কৃষিজমির মতো রূপগঞ্জে মুক্ত জলাশয়ের পরিমাণও অস্বাভাবিক পরিমাণে কমছে। ভরাট হচ্ছে খালবিল, গড়ে উঠছে আবাসন প্রকল্প। ২০০৮ সালে পুকুর ও দিঘি ছিল ১ হাজার ৪২৪টি। এখন রয়েছে ৯০০টি। উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর চন্দ্র বসাক প্রথম আলোকে বলেন, মুক্ত জলাশয় কমে যাওয়ায় স্বাভাবিক কারণেই প্রাকৃতিকভাবে পাওয়া মাছের উৎপাদন কমে গেছে। গত ১০ বছরে বেকার হয়েছেন ৫৫৪ জেলে।

উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কৃষক আমির হোসেন আগে যে জমিতে ধান চাষ করতেন, তা এখন ভরাট করে ফেলা হয়েছে। গত সোমবার আমিরের হারানো চাষভূমিতে গিয়ে দেখা যায়, চারদিকে দেয়াল তোলা হয়েছে। ভেতরে ভবন হবে। ফসলি এই জমি বিক্রি করে মালিক বিদেশে চলে গেছেন। আমির বলেন, এলাকায় তাঁর মতো অনেকেই এখন কৃষিকাজের সন্ধানে এখানে-ওখানে ঘুরে বেড়ান।

আমিরের মতো একই অবস্থা জেলে মুড়াপাড়া এলাকার পূণ্য চন্দ্র দাসের। আগে মাছ ধরে সংসার চালাতেন। প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে যাওয়ায় আগের মতো মাছ পাচ্ছেন না। এখন বছরের বেশির ভাগ সময় বেকার থাকেন তিনি।

রূপগঞ্জ উপজেলায় সাতটি ইউনিয়ন। এর মধ্যে কাঞ্চন, দাউদপুর, গোলাকান্দাইলে আবাসন প্রকল্পের জন্য কৃষিজমি ও জলাশয় বেশি ভরাট করা হচ্ছে। কাঁচপুর সেতু পেরিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার ভুলতা ইউনিয়নের গাউছিয়া থেকে কাঞ্চন ইউনিয়নের বাইপাস পর্যন্ত যেতে সড়কের দুই পাশে চোখে পড়বে জমি ও জলাশয় ভরাটের দৃশ্য। প্রায় সাত কিলোমিটার দূরত্বের ওই সড়কের দুই পাশের অন্তত ৩০টি স্থানে বালু ফেলে জমি ও জলাশয় ভরাট করা হয়েছে। ভরাট করে ফেলা অনেক স্থানে বিভিন্ন আবাসন প্রকল্পের সাইনবোর্ড টাঙানো।

কাঞ্চন সেতু এলাকায় বালু ফেলে জলাজমি ভরাট করা একটি আবাসন প্রতিষ্ঠানের স্থানীয় তত্ত্বাবধায়ক মীর হোসেন বলেন, তাঁরা জমি কিনে আবাসন প্রকল্প করছেন। আবাসন প্রকল্পের নাম এখনো ঠিক করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, অপরিকল্পিত ও অবৈধ আবাসন ব্যবসার কারণে এলাকায় একের পর এক ইটভাটা গড়ে উঠছে। দাউদপুর ইউনিয়নের চারটি গ্রামেই ৪০টি ইটভাটা হয়েছে গত ১০ বছরে। নাম না প্রকাশের শর্তে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, বাড়ি করার কথা বলে প্রথমে একজন কৃষকের কাছ থেকে জমি কিনেন আবাসন কোম্পানির কর্মকর্তারা। এরপর আশপাশের আরও চার-পাঁচজন কৃষকের জমিতে বালু ফেলে তা দখলে নেওয়ার চেষ্টা চলে। বাধ্য হয়ে তখন অন্যরা জমি বিক্রি করেন, আবার জমি দখলও করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রূপগঞ্জে এখন ৪০টির মতো আবাসন কোম্পানি রয়েছে। এর মধ্যে মাত্র একটি কোম্পানির অনুমোদন রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করায় ইউএস-বাংলা গ্রুপের একটি আবাসন প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়েছে।

রাজউকের পূর্বাচল আবাসন প্রকল্পটি রূপগঞ্জের ইউসুফগঞ্জ ও দাউদপুর ইউনিয়নে পড়েছে। এ প্রকল্পের জন্য রাজধানীর কুড়িল থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতু পর্যন্ত ৩০০ ফুট সড়ক করা হয়েছে। রাজউকের প্রকল্প এবং যোগাযোগব্যবস্থার উন্নতি হওয়ায় এখানে জমির দাম কয়েক গুণ বেড়ছে। যে কারণে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনেকে জমি বেচাকেনায় যুক্ত হয়েছেন।

আবাসন প্রকল্প ছাড়াও কৃষিজমি ভরাট করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বাড়ি করার প্রবণতা বেড়েছে। রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স থেকে ভুলতা ইউনিয়নের দিকে যাওয়ার পথে চোখে পড়বে একের পর এক বাড়ি বানানোর কাজ চলছে। স্থানীয় মুড়াপাড়ার চায়ের দোকানি আবদুর রহমান বলেন, এক বছর আগেও যে জমিতে ধানের চাষ হতো সেখানে এখন বাড়ি হচ্ছে। মুড়াপাড়ায় ঈদগাঁও মাঠের বিপরীতে আগে ফসলি জমি ছিল। এখন তা বালু দিয়ে ভরাট করা হয়েছে। ভরাট করা অংশ কাঠা অনুযায়ী বিক্রি করা হচ্ছে।

উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে এশিয়ান হাইওয়ের পাশের এলাকাতেও কৃষি ও জলাভূমি ভরাট করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখানেও বেশ কয়েকটি আবাসন প্রকল্প হবে।

রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা শাজাহান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কৃষি ও জলাভূমি হারিয়ে যাচ্ছে আবাসন কোম্পানিগুলোর কারণে। তারা ‘মাসলম্যান’ পুষে। একটি জমির পাঁচজন অংশীদারের একজনকে কিছু টাকা দিয়ে পুরো জমি দখল করে নিচ্ছে অনেক কোম্পানি। তাদের শক্তি ও টাকার কাছে জনপ্রতিনিধিরাও অসহায়।