জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের ৪ নম্বর ওয়ার্ডের খটখটিয়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত সোমবারের সংঘর্ষের ঘটনায় শরিফুজ্জামান (২৬) নামের এক যুবক মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তিনি মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের লোকজন জানান, খটখটিয়া গ্রামে আমিনুর রহমান চৌধুরী ও কাজী মজিবর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিবদমান দুই পক্ষের মধ্যে সোমবার সকালে সংঘর্ষ হয়। এতে মজিবর রহমান, তাঁর ছেলে শরিফুজ্জামান, নূর-উন-নবী ও হোসেন আলী আহত হন। পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে শরিফুজ্জামান মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীন মজিবর রহমান বলেন, ‘আমিনুর ও তাঁর ছেলেরা সশস্ত্র অবস্থায় আমাদের পরিবারের ওপর আক্রমণ চালান।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খলিফা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। আমিনুরের পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছেন।