জমিজমা-সংক্রান্ত বিরোধের বলি ৫ মাসের শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের সময় দায়ের কোপে ইভা নামের পাঁচ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। পুলিশ ও নিহত শিশুর স্বজনদের ভাষ্যমতে, ইসলামনগর গ্রামের মধু মিয়ার সঙ্গে প্রতিবেশী বিরু বেগমের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলছে। গতকাল সকাল ১০টার দিকে মধু মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে বিরু বেগমের পরিবারের লোকজন বাধা দেয়। এর জের ধরে দুই পক্ষ দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বিরু বেগমের পুত্রবধূ রুবেনা বেগমকে ধারালো দা দিয়ে কোপ দিতে যায়। কোপটি রুবেনার কোলে থাকা শিশুকন্যা ইভার মাথায় লাগে। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত শিশুর বাবা নিজাম মিয়া কান্নাজড়িত কণ্ঠে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে তিনি প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা করবেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘নিরপরাধ শিশুটি (ইভা) দুই পক্ষের বিরোধের বলি হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও মধু মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।