জমিজমার বিরোধে ফেনী রামুতে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের ছুরির আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক ট্রাকচালক নিহত হয়েছেন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কক্সবাজারের রামু ও ফেনীতে প্রতিপক্ষের হামলায় যথাক্রমে এক তরুণ ও তরুণী নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: শিবগঞ্জ উপজেলায় কাঁচামাল-ব্যবসায়ী মাসুদ মিয়াকে (২৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে একটি আখখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। মাসুদ উপজেলার মহাস্থান পূর্বপাড়ার বাসিন্দা। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাসুদ মহাস্থান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। শনিবার বিকেলে বাজার থেকে বাড়ি ফিরে ইফতারের পর বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। গতকাল বেলা ১১টার দিকে মহাস্থান ও ভবানীগঞ্জ গ্রামের মাঝামাঝি স্থানে একটি আখখেতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড় মোড়ের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. বাবুল মিয়া (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ চালকের সহকারী জহির উদ্দিন ওরফে কালুকে (২২) আটক করেছে। জহির উদ্দিন জানান, তিনি রাত দুইটার দিকে চা খাওয়ার জন্য গাড়ি থেকে নামেন। ঘণ্টাখানেক পর ফিরে দেখেন, চালক বাবুল মিয়া রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতরে পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রামু (কক্সবাজার): উপজেলার পর্যটনকেন্দ্র হিমছড়ির পেঁচারদ্বীপে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শনিবার দুপুরে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত মো. হোসেন (২৮) স্থানীয় মাংলাপাড়ার বাসিন্দা। এ ঘটনায় নিহতের ভাই মো. আলম বাদী হয়ে গতকাল রোববার থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পেঁচারদ্বীপ এলাকার কিছু জমি নিয়ে নিহত মোহাম্মদ হোসেনের ভাই মো. আলম ও পাশের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ার আলিম উল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার আলিম উল্লাহ ২০-৩০ জন লোক নিয়ে জমি দখল করতে এলে প্রতিপক্ষ লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মাথায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো দায়ের কোপে মো. হোসেন গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি মারা যান।ফেনী: ছাগলনাইয়া উপজেলার উত্তর লাঙ্গলমোড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় সাবিনা ইয়াসমিন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উপজেলার ঘোপাল ইউনিয়নের উত্তর লাঙ্গলমোড়া গ্রামের আহম্মদ সোবহান ও আবদুল হকের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলাও হয়েছে। ছাগলনাইয়া থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় সোবহানের পরিবারের করা মামলা তদন্ত করতে যায়। এ সময় পুলিশের সঙ্গে সোবহানের পরিবারের সদস্যরাও ছিল। তদন্ত শেষে পুলিশ চলে যাওয়ার পর সোবহানের পরিবারের লোকজন আবদুল হকের পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা আবদুল হকের মেয়ে সাবিনা ইয়াসমিনকে এলোপাতাড়ি লাথি মারে। এতে ঘটনাস্থলেই সাবিনা মারা যান।