জমিতে আগাছানাশক দিয়ে বিপাকে কৃষক
নিড়ানি খরচ বাঁচাতে কৃষকেরা চলতি বোরো মৌসুমে ধানখেতে আগাছানাশক দিয়েছিলেন। আর এতেই ঘটেছে বিপত্তি। খেতে আগাছা না জন্মালেও ধানের চারা বাড়ছে না। এ ঘটনা রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ১৬ জন কৃষক ৫ মার্চ তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তারাগঞ্জ উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ১০ মার্চ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তারাগঞ্জের জিগাতলা গ্রামের ওই ১৬ জন কৃষক দুই মাস আগে অন্তত ১৬ একর জমিতে উফশি ধানের চারা লাগান। রোপণের ১৫ দিনের মধ্যে কৃষকেরা খেতে এসএএম এগ্রো কেমিক্যাল কোম্পানির অরনেট ২০ ডব্লিউ ডি জি নামের আগাছানাশক প্রয়োগ করেন। কৃষকদের অভিযোগ, এরপর জমিতে আগাছা হয়নি। কিন্তু চারা রোপণের দেড় মাস পরও তা বাড়ছে না। এতে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তারাগঞ্জের জিগাতলা গ্রামের কৃষক ছকমল হোসেন অভিযোগ করেন, দেড় একরে তিনি ধান লাগিয়েছেন। চারা রোপণের ১১ দিন পর আগাছা দমনে অরনেট পাউডার দেন। কিন্তু জমিতে যেমন চারা রোপণ করেছিলেন, ঠিক তেমনই আছে। দেড় মাসেও চারা বাড়েনি।
ওই গ্রামের কৃষক সদল খান অভিযোগ করে বলেন, ‘তারাগঞ্জের পুরাতন বাজারের কীটনাশক বিক্রেতা মাজেদুলের দোকান থেকে অরনেট ছয় প্যাকেট (প্রতিটি প্যাকেট ১০ গ্রাম) কিনে ধান খেতে প্রয়োগ করেছি। কিন্তু ধানগাছ বাড়া তো দূরের কথা, গোড়া পচে যাচ্ছে।’
বদরগঞ্জের আমরুলবাড়ী তুফানুপাড়া গ্রামের কৃষক আমিনুল ইসলাম অভিযোগ করেন, ‘আগাছানাশক অরনেট কিনে জমিতে দিয়া সমস্যায় পড়েছি। ধানের গাছ বাড়েওছে না।’
এসএএম এগ্রো কেমিক্যালস কোম্পানির অরনেট ২০ ডব্লিউ ডিজি নামের আগাছানাশক পাউডারের বিপণন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, ‘কৃষকেরা সঠিক মাত্রায় অরনেট ব্যবহার না করায় ওই সমস্যা দেখা দিয়েছে। এর পরও বিষয়টি ঢাকায় কোম্পানির ঊধ্বর্তন কর্মকর্তাদের জানিয়েছি।’
তারাগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘ঘটনা তদন্তে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। আমি নিজেও আজ (গতকাল শনিবার) কয়েকটি মাঠ পরিদর্শন করে কৃষকদের অভিযোগের সত্যতা পেয়েছি।’
বদরগঞ্জ উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘আমাদের উপজেলায় হাতে গোনা কয়েকজন কৃষক ওই কোম্পানির আগাছানাশক অরনেট ধানখেতে প্রয়োগ করে একই সমস্যায় পড়েছেন।’