জমিতে পানি দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ৭
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরযশোহরদী ইউনিয়নের বড় শ্রীবর্দী গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ওই গ্রামের সিদ্দিক মুন্সী শ্যালো যন্ত্র দিয়ে তাঁর ধানখেতে পানি দিচ্ছিলেন। এ সময় পানি পাশের রফিক মুন্সীর পেঁয়াজের খেতে ঢুকে পড়ে। এ ঘটনায় রফিক মুন্সীর সঙ্গে সিদ্দিক মুন্সীর প্রথমে কথা-কাটাকাটি এবং পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষ দা, কাঁচি ব্যবহার করে।সংঘর্ষে রফিক মুন্সী (৪৫), শামীম মুন্সী (২৫), আশরাফ মুন্সী (৪৫) ও সোহরাব মুন্সী (৩৫), সিদ্দিক মুন্সী (৬০), শহীদুল মুন্সী (৩০) ও সিরাজ মুন্সী (৫০) আহত হন। আহত ব্যক্তিদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।