জমিতে বালু রাখতে নিষেধ করায় বৃদ্ধাকে মারধর!
নিজ জমিতে বালু রাখতে নিষেধ করায় রোকেয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধাকে মারধর করে গুরুতর জখম করেছেন এক বালু ব্যবসায়ী। মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই বৃদ্ধার ছেলে শনিবার রাতে থানায় মামলা করেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পালড়া গ্রামের মৃত হাসেন সরদারের স্ত্রী রোকেয়া বেগমের বাড়ির পাশের পতিত পাঁচ শতকের মতো জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে কালীগঙ্গা নদী থেকে বালু এনে ওই জায়গায় রেখে স্থানীয় বালু ব্যবসায়ী মো. সিরাজ (৪৫) তা বিক্রি করেন। গত শুক্রবার দুপুরেও সিরাজ ট্রাকে করে বালু এনে ওই জায়গায় রাখতে শুরু করেন।এ সময় ওই বৃদ্ধা সিরাজকে সেখানে বালু রাখতে নিষেধ করেন। এ নিয়ে সিরাজ ও রোকেয়ার মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায় সিরাজ ওই বৃদ্ধাকে বেলচা দিয়ে আঘাত করেন। এতে বৃদ্ধা ডান চোখ, ডান হাত ও ডান কানে গুরুতর আঘাত পান। এ সময় ওই বৃদ্ধার বাড়িতে কেউ ছিলেন না।পরে এলাকাবাসী এগিয়ে এলে সিরাজ সেখান থেকে সটকে পড়েন। ওই বৃদ্ধাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধার ছেলে মজিবর রহমান বলেন, ‘সিরাজ দীর্ঘদিন ধরে আমাদের জায়গায় জোরপূর্বক বালু রেখে তা বিক্রি করে আসছেন। এর আগেও কয়েকবার বালু রাখতে নিষেধ করায় নেশাগ্রস্ত অবস্থায় সিরাজ তাঁকে মারধর করেন। শুক্রবারও নেশাগ্রস্ত অবস্থায় সিরাজ তাঁর মাকে মারধর করেন।’ তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সিরাজ বলেন, ওই বৃদ্ধার সঙ্গে ঝগড়া হলে তাঁর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এর বেশি কিছু হয়নি। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বৃদ্ধার ছেলে মজিবর রহমান বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।