জমিতে লবণ বেশি, বিকল্প জীবিকার সন্ধানে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রাতিরিক্ত লবণের প্রভাবে বরগুনার ফসলি জমিতে ধানের উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। কৃষকেরা এখন শুধু কৃষিকাজের ওপর নির্ভর না করে বিকল্প জীবিকার কথা ভাবছেন। বরগুনার কয়েকটি গ্রামের কৃষকদের সঙ্গে আলাপকালে তাঁরা এমন হতাশার কথাই ব্যক্ত করলেন।জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় নদ-নদীতে জলস্ফীতির ফলে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারে বেশির ভাগ ফসলি জমি লবণপানিতে প্লাবিত হয়। এতে জমির উর্বরাশক্তি ক্রমশ লোপ পাচ্ছে।ভুক্তভোগীরা জানান, ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর এ অঞ্চলের কৃষি ও পরিবেশে এই পরিবর্তন সুস্পষ্ট হয়ে উঠেছে। সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও নির্মাণ না করাই এর অন্যতম কারণ। বরগুনা সদর উপজেলার মাছখালী গ্রামের কৃষক শুক্কুর আলী বলেন, ‘এককানি (৮ বিঘা) জমিতে গত মৌসুমে আমন ধান বুনছিলাম। খরচ অইছে ১৩ হাজার টাকা, আর ধান বেচচ্ছি মাত্র ১১ হাজার টাকার। আগে এই এককানি জমিতে যে ধান অইতো তা কমপক্ষে ২০-২২ হাজার টাকা বেচতে পারতাম। এই কয় বছর ধইর‌্যা জমিতে ধানই অয় না। জোয়ারের পানিতে জমি তলাইয়্যা যায়। এহন কৃষি কাম ছাইর‌্যা দিমু তাও পারি না, করমু কি? কোনো কামই তো জানি না। চিন্তা করলে খালি মাথাডা ঘোরে, কোনো পথই পাই না।’তালতলীর চরপাড়া গ্রামের কৃষক জালাল মৃধা (৬৫) বলেন, ‘আগে এককানি জমিতে ৮০-৮৫ মণ ধান পাইতাম। হাতে সারা বছরের খোরাকি ও সংসারের সব খরচ চইল্লা যাইত। আর এহন হেই জমিতে ৩৫-৪০ মণের বেশি ধান পাই না। এহন খালি কৃষি কাম দিয়া সংসার চালান যায় না।’খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী উপজেলার কড়ইবাড়িয়া, পচাকোড়ালিয়া ইউনিয়নের কৃষি জমি নষ্ট হয়ে গেছে লবণাক্ততার কারণে। এই এলাকার বগীখালে বাঁধ না থাকায় অহরহ জোয়ারের পানি ঢুকে দুই ইউনিয়নের ২৪টি গ্রামের ঘরবাড়ি প্লাবিত হয়।কড়ইবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আজিজ পহলান বলেন, ‘মোগো অবস্থা শ্যাষ। জমিজমা বিক্রি বা একসনা লাগামু তাও কেই রাখতে চায় না। এলাকার গাছ-গাছালি লবণের কারণে মরতে আছে। সামনে কি অয় কইতে পারি না।’জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের বিশেষজ্ঞরা জানান, ঘূর্ণিঝড় আইলার পর মাটিতে লবণাক্ততার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে স্বাভাবিকভাবে তা বেড়ে ৬-৭ ডেসিসিমেন পার মিটারে (ডিএস/এম) পৌঁছেছে। আর শুকনো মৌসুমে তা বেড়ে ১৫-১৬ ডিএস/এমে পৌঁছায়। বিশেষজ্ঞরা জানান, ফসল উৎপাদনের জন্য মাটিতে লবণের সহনীয় মাত্রা হচ্ছে সর্বোচ্চ ৪-৫ ডিএস/এম। বাঁধ ভেঙে অহরহ জোয়ারের পানিতে ফসলি জমি নিমজ্জিত হওয়ায় লবণের পরিমাণ বাড়ছে বলে তাঁদের ধারণা। বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্র জানায়, আইলায় জেলার ১৪২ দশমিক ১৩ কিলোমিটার বাঁধের সম্পূর্ণ ও আংশিক ক্ষতি হয়েছে। এ বাঁধ মেরামতের জন্য ৪৫ কোটি ৭০ লাখ টাকার চাহিদাপত্র পাঠানো হয়েছিল। এর অনুকূলে গত অর্থবছরে মাত্র এক কোটি টাকা ও দেড় হাজার মেট্রিক টন খাদ্যশস্য দিয়ে যেনতেনভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। এরপর চলতি অর্থবছরে চার কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়।পাউবো বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দীন আহমেদ বলেন, ‘ক্ষতিগ্রস্ত ১৫ কিলোমিটার বাঁধ আমরা সংস্কার করতে পেরেছি। বাকিটা অর্থাভাবে সম্ভব হয়নি। টাকা না পেলে আমরা কীভাবে এসব করব।’