জমিতে লোনাপানি তোলায় চাষিদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলি জমিতে লোনাপানি তোলায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কয়েকশ কৃষক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলামের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করছেন।গত বৃহস্পতিবার বিকেলে এবং গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বড়বাইশদিয়ার বিভিন্ন বাজারে এসব কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত বুধ ও বৃহস্পতিবার এনামুল ইসলামের নেতৃত্বে তাঁর লোকজন এলাকার জলকপাট (স্লুইসগেট) খুলে দিয়ে চরগঙ্গাসহ কয়েকটি গ্রামের ফসলের মাঠে লোনাপানি তোলেন। এতে কৃষকদের ফসলের মাঠের ব্যাপক ক্ষতি হয়। ওই গ্রামগুলোর ফসলি জমিতে কয়েক লাখ টাকার মরিচ, ডাল ও তিল নষ্ট হয়ে যায়।
এলাকাবাসী অভিযোগ করেন, এনামুল ইসলাম ঘেরমালিকদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বড়বাইশদিয়া ইউনিয়নের জলকপাটগুলো নিজের দখলে রেখেছেন। ঘেরমালিকদের চাহিদা অনুসারে এনামুল তাঁর লোকজন নিয়ে ছয় বছর ধরে দফায় দফায় জলকপাট খুলে দিয়ে এলাকার খাল, নালা, জলাশয়ে পানি তুলে দেন৷ এতে কৃষকের ফসলি মাঠেও লোনাপানি ছড়িয়ে পড়ে৷ এতে বছরে কৃষকদের ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যায়। বড়বাইশদিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন অভিযোগ করেন, এনামুল ইসলাম তাঁর লোকজন নিয়ে এলাকার জলকপাটগুলো ছয় বছর ধরে তাঁর দখলে রেখেছেন। চিংড়ি চাষের সুবিধার জন্য তাঁর সহযোগীরা বিভিন্ন সময়ে এলাকায় লোনাপানি তোলেন। এতে প্রতিবছর এ ইউনিয়নের চাষিদের ফসলের যে ক্ষতি হয়, তার পরিমাণ কোটি টাকারও বেশি।এ ব্যাপারে এনামুল ইসলাম বলেন, ‘প্রতিবছর ১০ জন দলীয় নেতা-কর্মীকে এলাকার একটি করে স্লুইসগেট (জলকপাট) মাছ ধরার জন্য ভাগ করে দেওয়া হয়। এ ক্ষেত্রে সব নেতা-কর্মীকে সুবিধা দেওয়া যাচ্ছে না। যাঁরা বঞ্চিত হচ্ছেন, তাঁরা ক্ষুব্ধ হতেই পারেন। আমি এসব ক্ষেত্র থেকে কোনো টাকাপয়সা খাই না। গত দুই দিনে এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা মীমাংসা করে দেওয়া হবে।