জমিতে লোনা পানি, কয়রায় এবারও আমন আবাদ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলার স্লুইচগেটগুলো অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে উপজেলার কয়েক হাজার বিঘা জমি ও জলাশয়গুলোতে আটকা পড়া লোনা পানি বের হতে পারছে না। এ কারণে উপজেলার কৃষকেরা এবারও আমন ধানের চাষ করতে পারছেন না। এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার আঘাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের অসংখ্য জায়গা ভেঙে গিয়ে উপজেলার ছয়টি ইউনিয়নের জলাশয় ও ফসলি জমি লোনা পানিতে তলিয়ে যায়। এরই মধ্যে ভেঙে যাওয়া বাঁধগুলো সংস্কার করা হয়েছে। কিন্তু উপজেলার সুতিবাজার, ৫ নম্বর কয়রা, পাথরখালী, বিনাপানি, আংটিহারা, কাশিরাবাদ, নয়ানী, গোবিন্দপুর এলাকাসহ আরও কিছু স্লুইচগেট সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। ফলে জলাশয় ও ফসলি জমিগুলোতে জমে থাকা লোনা পানি নিষ্কাশন হয়নি। ফলে এ বছরও কয়রার কয়েক হাজার কৃষক আমন ধানের চাষ করতে পারছেন না।মহারাজপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘আইলার পর থেকে কাশিরাবাদ স্লুইসগেটটি অকেজো থাকায় আমাদের মহারাজপুর, মঠবাড়ী, হেতালখালী, শ্রীরামপুর ও পবনা এলাকার জলাশয় ও ফসলি জমি থেকে লোনা বের হতে পারছে না। ফলে এবারও আমাদের এখানে আমন চাষ করা সম্ভব হচ্ছে না।’ ৪ নম্বর কয়রা এলাকার কৃষক আনিচুল হক বলেন, ৪ নম্বর, ৫ নম্বর ও ৬ নম্বর কয়রা, মঠবাড়ী ও মহারাজপুর এলাকার বিলগুলোর পানি কাশিরাবাদ স্লুইসগেট দিয়ে নিষ্কাশন হয়। কিন্তু ওই স্লুইসগেটটি অকেজো থাকায় তিন বছর ধরে পানি আটকা রয়েছে। তাই কোনো ধান লাগানো তো দূরের কথা, বাড়ির পাশে শাকসবজির চাষও করতে পারছেন না তাঁরা।কয়রা সদর ইউনিয়নের কৃষক মোহামঞ্চদ আলী বলেন, ‘গত তিন বছর ধরে আমার ২০ বিঘা জমিতি লোনা পানি আটকে রয়েছে। ধান লাগানের কোনো উপায় নেই।’জলাবদ্ধতার কথা স্বীকার করে পাউবোর কয়রা উপজেলার দায়িত্বরত উপবিভাগীয় প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, ‘আইলার পর অধিকাংশ স্লুইচগেট নষ্ট হয়ে গেছে। এর অনেকগুলো নতুন করে নির্মাণ করতে হবে। এ জন্য প্রকল্পও জমা দেওয়া হয়েছে কিন্তু বরাদ্দের অভাবে স্লুইসগেটগুলো নির্মাণ করা সম্ভব হচ্ছে না।’ কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বশার বলেন, আইলার পর থেকে শুধু বাঁধ মেরামতের কাজ করা হয়েছে। এখন স্লইচগেটের কাজ চলছে।খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসানের সাংসদ সোহরাব আলী ওরফে সানা বলেন, জলাবদ্ধতার বিষয় নিয়ে ১০-১২ দিন আগে উপজেলা পাউবো ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনি সভা করেছেন। সভায় এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।