জমিতে লোনা পানি তুলে চিংড়ি চাষের পাঁয়তারা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ফটিকখালী বিলে লোনা পানি তুলে চিংড়ি চাষের পাঁয়তারা করেছে একটি মহল। চিংড়ি চাষের জন্য মহলটি বিপক্ষের লোকজনদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফটিকখালী গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, একশ্রেণীর চিংড়িচাষিরা দীর্ঘদিন ধরে ফটিকখালী বিলের প্রায় এক হাজার ৭০০ বিঘা জমিতে লোনা পানি তুলে চিংড়ি চাষের পাঁয়তারা করছেন। আশাশুনির খাজরা ইউপি সদস্য রামপদ মণ্ডল ও মহিলা ইউপি সদস্য সুমিত্রা মণ্ডল জানান, চাপড়া এলাকার রাশেদ আহমেঞ্চদ বিলের কিছু জমির মালিকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে চলতি বছরের মার্চের প্রথম দিকে বিলে লোনা পানি তুলে চিংড়ি চাষের আয়োজন শুরু করেন। এই লক্ষ্যে গত ১৮ মার্চ ফটিকখালী বিলে তাঁরা চিংড়িঘের পাহারা দেওয়ার জন্য ঘর নির্মাণ করেন। রাতে কালিকা এলাকার স্লুইসগেট দিয়ে তাঁরা কপোতাক্ষ নদের পানি ঢোকানো শুরু করেন। পরে গ্রামবাসী বাধা দিলে প্রশাসন লোনা পানি তোলা বন্ধ করে দেয়। কয়েকজন এলাকাবাসীর অভিযোগ, চিংড়িঘের করার পক্ষ নিয়ে খাজরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলীর নেতৃত্বে কয়েকজন তাঁদের হুমকি-ধমকি দিচ্ছেন।জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালের ১০ জানুয়ারি দুটি বেসরকারি সংগঠনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের বেঞ্চ ১ মার্চ সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নোয়াখালী ও কক্সবাজারের কৃষিজমিতে জোর করে লোনা পানি তুলে চিংড়ি চাষ বন্ধের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেন।রমজান আলী তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি চিংড়ি চাষ নিয়ে মাথা ঘামাচ্ছেন না। খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, তিনি কিছুদিন আগে চিংড়িঘেরের বিপক্ষে ছিলেন। কিন্তু ক্ষুদ্র কৃষকেরা ছাড়া এলাকার অধিকাংশ মানুষ ওই বিলে চিংড়ি চাষ করতে চান। এ কারণে তিনি চিংড়ি চাষের পক্ষ নিয়েছেন। চাপড়া গ্রামের রাশেদ আহমেঞ্চদ দাবি করেন, এলাকার মানুষ তাঁকে উৎসাহিত করেছে, এ কারণে তিনি এলাকায় চিংড়ি চাষে আগ্রহী হয়েছেন। ওই বিলের জমির মালিকদের মধ্যে ইতিমধ্যে শতকরা ৬০ ভাগ জমির মালিক তাঁকে চিংড়িঘের করার জন্য জমি ইজারা দিয়েছেন। ঘের করার জন্য তিনি প্রায় ৮০-৯০ লাখ টাকা বিনিয়োগ করেছেন। ঘের না করা ছাড়া এখন তাঁর কোনো উপায় নেই। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারী জানান, আইনের বাইরে ওই এলাকায় কাউকে ঘের করতে দেওয়া হবে না। স্লুইসগেটে পুলিশের পাহারা বসানো হয়েছে এবং ফটিকখালী গ্রামে পুলিশ টহলে রাখা হয়েছে। সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, ‘উচ্চ আদালতের আদেশ অনুযায়ী কৃষিজমিতে জোর করে লোনা পানি তুলে কেউ চিংড়ি চাষ করতে পারবেন না। বিলের একজন জমির মালিকের আপত্তি থাকলেও সেখানে ঘের করার অনুমতি দেওয়া হবে না।’